পাকিস্তানে তালেবানের ভয়ে নারী ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে বরাবরের মতো দেশটিতে এই নির্বাচনেও লাখ লাখ নারী ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন বলে আশঙ্কা থেকে যাচ্ছে। কট্টরপন্থী তালেবানের হুমকি, সামাজিক বিধিনিষেধ ও নির্বাচন কমিশনের সাংগঠনিক দুর্বলতাই এই আশঙ্কার মূল কারণ।পাকিস্তানের মোট জনসংখ্যা প্রায় ১৮ কোটি। এর মধ্যে ভোটার প্রায় সাড়ে আট কোটি; যার মধ্যে নারী ভোটারের সংখ্যা তিন কোটি ৭০ লাখ। এই বিপুলসংখ্যক নারী ভোটারের বেশির ভাগই গত নির্বাচনে ভোট দেননি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশঙ্কা, এবারও একই পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আফগান সীমান্তসংলগ্ন আদিবাসী অধ্যুষিত অঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে নারীদের ভোট দেওয়ার হার খুবই কম। ২০০৮ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের (বর্তমান খাইবার পাখতুনখাওয়া) মর্দান এলাকায় একটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করেছিলেন বিদ্যালয়ের শিক্ষক বাদামা বেগম। তিনি বলেন, ‘আমরা সারা দিন অপেক্ষা করেছি... একজন নারী ভোটারও আসেননি। নারীদের ভোট দেওয়ার ওপর ওই অঞ্চলের আদিবাসী নেতাদের নিষেধাজ্ঞা ছিল।’ ওই এলাকায় নারীদের ভোট দেওয়ার জন্য আলাদা বুথের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশনের সেই ব্যবস্থা কোনো কাজে আসেনি। বাদামা বেগম বলেন, ‘সন্ধ্যায় আমরা ফাঁকা ব্যালট বাক্স সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছিলাম।’২০০৮ সালের নির্বাচনে নারীদের জন্য মোট ২৮ হাজার ৮০০ ভোটকেন্দ্র স্থাপন করা হয়। এর মধ্যে ৫৬৪টি ভোটকেন্দ্রে একটি ভোটও পড়েনি। নারী ভোটকেন্দ্রগুলোর ৫৫ শতাংশই স্থাপন করা হয়েছিল তৎকালীন উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে। নির্বাচন কমিশন জানায়, ওই প্রদেশে মোট নারী ভোটারদের মধ্যে ভোট দেন মাত্র ১০ থেকে ১৫ শতাংশ। কমিশন আরও জানায়, ওই নির্বাচনে ৭৬ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন ১৬ জন। এবারও উল্লেখযোগ্যসংখ্যক নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।এদিকে নারী অধিকারকর্মী ফারজানা বারী দাবি করেন, ভোটার হওয়ার যোগ্য এক কোটি ১০ লাখ নারী এবার ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন। কারণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁদের জাতীয় পরিচয়পত্র দেয়নি।পাকিস্তানের কট্টরপন্থী অঞ্চলগুলোর কোনো কোনো ধর্মীয় নেতা মনে করেন, নারীদের ভোটাধিকার ইসলামসম্মত নয়। তাঁদের এই মতবাদ নারীদের ভোটাধিকারের ক্ষেত্রে বড় বাধা হিসেবে কাজ করে। তালেবান ও আল-কায়েদার শক্তিশালী ঘাঁটি বলে পরিচিত উত্তর ওয়াজিরিস্তানের মিরান শাহ এলাকার বাসিন্দা শরিফ খান (৫০) বলেন, ‘আমাদের সমাজে নারীদের ভোট দেওয়ার বিষয়টি মেনে নেওয়া হয় না। তালেবানের হুমকিতে আমরা ভীত। তারা চায় না নারীরা ভোট দিক। তাহলে আমরা কেন জীবনের ঝুঁকি নেব।’ মিরান শাহ এলাকার বস্ত্র ব্যবসায়ী আদম খান (৩৫) বলেন, ‘আমাদের এলাকার অনেক নারী এটাও জানেন না যে কীভাবে ভোট দিতে হয়।’নির্বাচন কমিশনের মুখপাত্র খুরশিদ আলম বলেন, নারীদের ভোটদানে বাধাদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান করার চেষ্টা করছে কমিশন। তবে তারা কীভাবে এই বিধান করবে তা এখনো স্পষ্ট নয়।