পাকিস্তানে তোপের মুখে ফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান সরকারের চাপে জনপ্রিয় একটি রক ব্যান্ড এবং বামপন্থী রাজনৈতিক মতাদর্শের কয়েকটি পাতা ব্লক করে তোপের মুখে পড়েছে ফেসবুক৷ সমালোচনার মুখে রক ব্যান্ডের পাতাটি খুলে দেওয়া হলেও অন্যগুলো এখনো বন্ধ৷ খবর নিউইয়র্ক টাইমসের৷
লাল নামের ওই জনপ্রিয় রক ব্যান্ডের ফেসবুক পাতায় চার লাখের বেশি ‘লাইক’ রয়েছে৷ ব্যান্ড দলটির সদস্যরা দেশটির জঙ্গি গ্রুপ তালেবানের বিরুদ্ধে সোচ্চার৷ পাতাটি বন্ধ করার পর এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় ওঠার পর সাংবাদিকেরা পাকিস্তান সরকার ও ফেসবুক কর্তৃপক্ষের কাছে খোঁজখবর নিতে শুরু করেন৷ একপর্যায়ে ওই পাতাটি খুলে দেওয়া হয়৷
তবে ইন্টারনেটের স্বাধীনতার পক্ষে সোচ্চার কর্মীরা গত শুক্রবার রাতে জানান, প্রগতিশীল ভাবধারার অন্তত ছয়টি ফেসবুক পাতায় প্রবেশ করা যাচ্ছে না৷ চলতি সপ্তাহজুড়েই এগুলো ব্লক করে রাখা হয়েছে৷
ইন্টারনেট স্বাধীনতা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান বাইটস ফর অল পাকিস্তান গ্রুপের কর্মকর্তা শাহজাদ আহমেদ বলেন, ফেসবুক বাক্স্বাধীনতার পক্ষে বলে দাবি করে থাকে৷ তারা রাজনৈতিক মত প্রকাশ সুরক্ষার কথা বলে৷ আসলে তারা তা নয়৷ তারা নিজেদের লাভ আর ব্যবসার স্বার্থে সরকারের দাবি পূরণে ব্যস্ত৷
অভিযোগের জবাব দিয়েছেন লন্ডনে ফেসবুকের একজন মুখপাত্র৷ কোম্পানির নীতির কারণে নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানানো ওই মুখপাত্র বলেন, তাঁদের কোম্পানির নীতিই হচ্ছে স্থানীয় আইন মেনে চলা৷
মূলত পাকিস্তানের ইন্টারনেট নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান টেলিযোগাযোগ কর্তৃপক্ষ অনুরোধ জানানোর পরই তাঁরা ওই ফেসবুক পাতাগুলো ব্লক করেন৷