পাকিস্তানে ত্রাণের জন্য হাহাকার
পাকিস্তানে স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩২ লাখ মানুষ। এক লাখের বেশি শিশু বিভিন্ন পানিবাহিত রোগ-ব্যাধিতে ভুগছে। খাদ্য, পানি, ওষুধের জন্য রীতিমতো হাহাকার চলছে। ত্রাণের জন্য বিক্ষোভও করেছে দুর্গত মানুষ। আরও বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। ফলে যেসব এলাকা থেকে বন্যার পানি চলে গেছে, সেখানে আবারও বন্যার আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা। বন্যার পানি এখন পাঞ্জাব ও সিন্ধুর দিকে যাচ্ছে।পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্গত মানুষের জন্য খাওয়ার পানি ও পয়োনিষ্কাশনের ব্যবস্থা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর অভাবে লাখ লাখ মানুষের মধ্যে বিভিন্ন রোগ-ব্যাধি ছড়িয়ে পড়তে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন। যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় অনেক প্রত্যন্ত এলাকায় ছিটেফোঁটা ত্রাণও পৌঁছানো সম্ভব হয়নি। সরকার ও বিভিন্ন সাহায্য সংস্থা যে পরিমাণ ত্রাণ বিতরণ করছে, তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এ নিয়ে দুর্গত মানুষ রীতিমতো ক্ষুব্ধ।সাহায্য না পাওয়ায় নওশেরা এলাকার শত শত বন্যাদুর্গত মানুষ বিক্ষোভ করেছে। সোয়াত এলাকার মেডিকেলের ছাত্র আবদুল্লাহ জানান, এখানে কোনো সরকারি সাহায্য দেওয়া হচ্ছে না। কোনো সাহায্য সংস্থার লোকজন চোখে পড়ছে না। বন্যায় এখানকার ২৫টি সেতু ধ্বংস হওয়ায় সাহায্যকর্মীরা আসতে পারছেন না বলে তিনি জানান। এপি, এএফপি।