পাকিস্তানে দাতব্য সংস্থার সাত কর্মীকে গুলি করে হত্যা
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি দাতব্য সংস্থার সাতজন কর্মীকে গতকাল মঙ্গলবার গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জনই নারী। পুলিশের কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।কর্মকর্তারা জানান, নিহত নারী দাতব্যকর্মীদের কয়েকজন শিক্ষক। ওই অঞ্চলের স্বাস্থ্য ও শিক্ষাবিষয়ক একটি কমিউনিটি সেন্টারের কাছে তাঁরা হামলার শিকার হন। নিহত ব্যক্তিরা সবাই পাকিস্তানি।পাকিস্তানি দাতব্য সংস্থা উজালা পরিচালিত সেন্টারটির কাছে ওই কর্মীদের বহনকারী গাড়ি লক্ষ্য করে অজ্ঞাত বন্দুকধারীরা গুলিবর্ষণ করলে তাঁরা নিহত হন। লাহোরের সঙ্গে পেশোয়ারের সংযোগ স্থাপনকারী সড়কের খুব কাছে সোয়াবি জেলায় এ ঘটনা ঘটে।সোয়াবির পুলিশপ্রধান আবদুল রশিদ খানের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ‘দুটি মোটরসাইকেলের আরোহী চার ব্যক্তি ওই গাড়িতে হামলা চালিয়ে পালিয়ে যান।’ হামলায় গাড়ির চালক আহত হয়েছেন।কোনো গোষ্ঠী এ হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি। তবে খায়বার পাখতুনখাওয়া প্রদেশে সক্রিয় জঙ্গিরা সেখানে নারী শিক্ষার বিরোধিতা করে আসছে। ইতিমধ্যে তারা নারী শিক্ষার্থী ও তাদের স্কুলগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিবিসি।