পাকিস্তানে দুই বিদেশি ত্রাণকর্মী অপহূত
পাকিস্তানের মুলতান শহর থেকে মুখোশ পরা অস্ত্রধারীরা একজন জার্মান ত্রাণকর্মী ও তাঁর ইতালীয় সহকর্মীকে অপহরণ করেছে। গতকাল শুক্রবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।পাকিস্তানে গত জুলাইয়ের পর থেকে এ নিয়ে ছয়জন পশ্চিমা নাগরিককে অপহরণ করা হলো। এর আগে মে মাসে দেশটিতে মার্কিন সেনাদের এক বিশেষ অভিযানে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেন নিহত হন। মুলতানের পুলিশের একজন কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনজন মুখোশ পরা বন্দুকধারী স্থানীয় একটি বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে ওই দুই বিদেশি নাগরিককে অপহরণ করে। তিনি বলেন, অপহূত দুই ব্যক্তিই একটি বিদেশি বেসরকারি সংস্থায় কাজ করছিলেন। পুলিশ বলছে, অপহরণকারীদের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে এখনো জানা যায়নি। ভুয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তারপাকিস্তানে তিন বছর ধরে লেফটেন্যান্ট জেনারেল পরিচয় দিয়ে জমি দখল ও সরকারি কর্মকর্তাদের কাছ থেকে অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগে মাকসুদ শাহ (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এএফপি।