পাকিস্তানে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন রাহেল
পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল রাহেল শরিফ। গতকাল শুক্রবার রাওয়ালপিন্ডিতে জেনারেল সদর দপ্তরে (জিএইচকিউ) রাহেলের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সেনাপ্রধান আশফাক পারভেজ কায়ানি।
জেনারেল রাহেল পাকিস্তানের ১৫তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। গত বুধবার নতুন সেনাপ্রধান হিসেবে তাঁর নাম ঘোষণা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
পাকিস্তানের ইতিহাসে বেসামরিক সরকারের আমলে কায়ানি সবচেয়ে বেশি দিন দায়িত্বে ছিলেন। ২০০৭ সালে তিনি দায়িত্ব পান।
বিশ্লেষকেরা বলছেন, দায়িত্ব পালনকালে জেনারেল রাহেলকে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। পাকিস্তানের অভ্যন্তরীণ কট্টরপন্থী সংগঠনগুলোকে মোকাবিলা, ভারতের সঙ্গে সীমান্তে উত্তেজনা ও প্রায় এক যুগ পর আগামী বছর আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার হলে সীমান্তে পরিবর্তিত পরিস্থিতি সামাল দেওয়ার কথা বিবেচনা করতে হবে তাঁকে।
রাহেল সম্পর্কে বলা হয়, সামরিক বাহিনীতে বর্ষীয়ান পদাতিক কমান্ডার হিসেবে পরিচিতি থাকলেও সেনাপ্রধান হওয়ার আগে বাহিনীর বাইরে তিনি সেভাবে পরিচিত ছিলেন না। তবে বিশ্লেষকেরা মনে করেন, রাহেল মনেপ্রাণেই একজন সেনাসদস্য। রাজনীতির প্রতি আগ্রহও খুব কম।
দুইজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে ডিঙিয়ে নতুন সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হলো রাহেলকে।
ছয় লাখ সদস্যের পাকিস্তানের সেনাবাহিনীকে বিশ্বের অন্যতম শক্তিধর বাহিনী হিসেবে বিবেচনা করা হয়। এএফপি।