পাকিস্তানে না খেয়ে রোজা রাখছেন অনেক বন্যাদুর্গত
পাকিস্তানে গতকাল বৃহস্পতিবার পবিত্র রমজান মাস শুরু হলেও লাখ লাখ মানুষের সেই প্রস্তুতি নেই। বন্যাদুর্গত ব্যক্তিরা কী দিয়ে ইফতার করবেন, সেহরিতে কী খাবেন, সেই চিন্তায় এখন অস্থির। জাতিসংঘ বন্যায় ক্ষতিগ্রস্ত এক কোটি ৪০ লাখ লোকের জন্য ৪৬ কোটি ডলার জরুরি আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে। বেশ কয়েকটি হেলিকপ্টারসহ একটি মার্কিন রণতরী ত্রাণ তত্পরতা শুরু করেছে। দেশটির ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই বন্যায় শত শত কোটি ডলারের ফসল নষ্ট হয়েছে বলে কর্মকর্তার জানিয়েছেন। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গতকাল সিন্ধুর কয়েকটি বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন।প্রতিবছর পবিত্র রমজান মাস সাধারণ পাকিস্তানিদের জন্য আনন্দের আমেজ বয়ে আনলেও, এবারের রমজান তাদের জন্য হতাশা আর দুশ্চিন্তা ছাড়া তেমন কিছুই নিয়ে আসেনি। গতকাল বন্যাদুর্গত অনেক ব্যক্তি রোজা রাখেন সেহরি না খেয়ে। মহাসড়কে খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া ছয় সন্তানের জননী সাবহাগি খাতুন জানতে চান, তিনি ইফতার করবেন কী দিয়ে? তাঁর যে খাওয়ার কিছুই নেই। ছেলেমেয়ে নিয়ে কয়েক দিন ধরে তিনি না খেয়ে আছেন।বন্যাদুর্গত পাকিস্তানিদের সহায়তা করার জন্য দাতা দেশ ও সংস্থার কাছে ৪৬ কোটি ডলারের জরুরি সহায়তা চেয়েছেন জাতিসংঘের মানবিক কার্যক্রমের প্রধান জন হোমস। গত বুধবার নিউইয়র্কে দাতাদের এক সম্মেলনে তিনি বলেন, খাদ্য, বিশুদ্ধ পানি, বাসস্থান ও চিকিত্সাসামগ্রী বাবদ তাঁদের এই অর্থ লাগবে। তিনি জানান, তাঁদের সামনে এখন অনেক কাজ। যত দ্রুত সম্ভব তাঁরা এ কাজ শুরু করতে চান।মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস পাকিস্তানের বন্যাদুর্গত ব্যক্তিদের সাহায্য করার জন্য একটি রণতরী মোতায়েনের কথা জানিয়েছেন। এই জাহাজ থেকে হেলিকপ্টারের সাহায্যে মার্কিন সেনাসদস্যরা দুর্গত ব্যক্তিদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন। বিবিসি, এপি ও এএফপি।