পাকিস্তানে নির্বাচন সামনে রেখে সহিংসতা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পেশোয়ার ও কোহাটে গতকাল রোববার দুজন স্বতন্ত্র প্রার্থীর নিবাচনী কার্যালয়ে শক্তিশালী বোমা চালানো হয়েছে। এতে কমপক্ষে নয়জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। আগামী মাসে অনুষ্ঠেয় নির্বাচন সামনে রেখে এটি সর্বশেষ সহিংসতার ঘটনা।আফগানিস্তান সীমান্তসংলগ্ন সংঘাতবিক্ষুব্ধ কোহাটের স্বতন্ত্র প্রার্থী নূর আকবর খানের নির্বাচনী কার্যালয়ে চালানো বোমা হামলায় ছয়জন নিহত ও ২২ জন আহত হয়েছে। কোহাটের পুলিশ মুখপাত্র ফজল নাইম জানান, হামলায় আশপাশের দোকানপাট ও যানবাহনেরও ক্ষতি হয়েছে। তা ছাড়া পার্শ্ববর্তী এএনপির নির্বাচনী কার্যালয়ও ক্ষতির হাত থেকে রক্ষা পায়নি।পেশোয়ারে স্বতন্ত্র প্রার্থী নাসির খান আফ্রিদির কার্যালয়ে চালানো হামলায় মারা গেছে তিনজন। আহত হয়েছে আরও ১৩ জন। নাসির খান সামরিক অভিযানে উদ্বাস্তু হয়ে পড়া ভোটারদের মধ্যে প্রচারণা চালাচ্ছেন।এর আগে পাকিস্তানের বন্দর নগর করাচিতে শনিবার তিনটি বোমার বিস্ফেরণে তিনজন নিহত এবং শুক্রবার এক রাজনৈতিক সমাবেশে বোমা হামলায় অন্তত ১০ জন প্রাণ হারায়। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সম্প্রতি দেশটিতে একের পর এক হামলার বিষয়টি তদন্তের জন্য সে দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। মোশাররফের বিচারের অগ্রগতি জানতে সিনেটের অধিবেশন: সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফের বিচারের অগ্রগতি নিয়ে আলোচনা করতে আগামী ২ মে পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের অধিবেশন ডাকা হয়েছে।পিপিপি ও পিএমএলের (এন) ৩৩ জন এমপির আবেদনের পরিপ্রেক্ষিতে গত শনিবার এ অধিবেশনের ডাক দেন সিনেটের চেয়ারম্যান নায়ার বোখারি। এসব এমপির আশঙ্কা, সাবেক এই স্বৈরশাসককে দেশ ছাড়ার সুযোগ দেওয়া হতে পারে। কেননা তত্ত্বাবধায়ক সরকার ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, মোশাররফের বিচার করাটা তাদের ক্ষমতার বহির্ভূত।এর আগে দেশটির একটি সন্ত্রাসবিরোধী আদালত গত শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যার মামলায় ৩০ এপ্রিল পর্যন্ত পারভেজ মোশাররফের রিমান্ড মঞ্জুর এবং তাঁকে তিন দিন গৃহবন্দী রাখার আদেশ দেন। এএফপি, ডন ও বিবিসি।