পাকিস্তানে ধর্মনিরপেক্ষ দলগুলো তালেবান জঙ্গিদের হুমকির মুখে রয়েছে। তারা এ জন্য অনেক ক্ষেত্রে নির্বাচনী প্রচারণাও শুরু করতে পারছে না।তালেবানের হামলার ভয়ে গত শুক্রবার পূর্বঘোষিত সমাবেশ বাতিল করে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। আগামী বুধবার লারকানা শহরে এই সমাবেশ হওয়ার কথা ছিল।পাকিস্তানি তালেবানের এক মুখপাত্র সম্প্রতি পিপিপিসহ তিনটি ধর্মনিরপেক্ষ দলের সমাবেশে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেন। অন্য দুটি দল হলো করাচিভিত্তিক এমকিউএম ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশভিত্তিক এএনপি। আগামী মে মাসে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন হবে।এদিকে তালেবানের হুমকির মুখে সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ গত ২৪ মার্চ সমাবেশ প্রত্যাহার করেন।তবে তালেবানের হুমকি উপেক্ষা করে সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের দল পিটিআইয়ের সমাবেশে হাজারো মানুষ যোগ দেয়। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পিএমএল-এন এবং মাওলানা ফজলুর রহমানের জেইউআই-এফ পার্টিও জনসমাবেশ করছে।জামায়াত-ই-ইসলামসহ অন্যান্য জিহাদি দল জোর নির্বাচনী প্রচারণা শুরু করেছে। এসব দল ধর্মীয় কিংবা ডানপন্থী নেতারা পরিচালনা করেন।প্রশ্ন উঠছে, ধর্মনিরপেক্ষ দলগুলো কি জঙ্গি হামলা মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে পারবে? এটা নির্ভর করছে, দেশটির বিভিন্ন গোয়েন্দা সংস্থা এ হুমকি মোকাবিলায় কতটা তৎপর এবং ভবিষ্যতে এসব হামলার পরিকল্পনা তারা কীভাবে নস্যাৎ করতে পারবে, তার ওপর।ধর্মনিরপেক্ষ দলগুলোই যে শুধু তালেবানের হামলার মুখে রয়েছে, এমন নয়। জেইউআই-এফের মতো ইসলামপন্থী দলগুলোও তালেবানের হামলার শিকার হতে পারে। এএনপি পার্টিও রয়েছে তালেবানের হামলার তোপের মুখে। ২০০৮ সালের অক্টোবরে পার্টির প্রধান আসফানদিয়ার ওয়ালি অল্পের জন্য আত্মঘাতী হামলা থেকে প্রাণে বেঁচে যান। এ ঘটনার পর থেকে দলটির শীর্ষ নেতারা সতর্কতার সঙ্গে চলাফেরা করেন। জনসমাবেশ কমিয়ে দেন।সম্প্রতি উর্দু ভাষায় প্রচারিত বিবিসির সংবাদ অনুষ্ঠানে এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, গত চার বছরে আত্মঘাতীসহ বিভিন্ন হামলায় এএনপির সাত শতাধিক কর্মী নিহত হন।তৃণমূল পর্যায়ে পিপিপির সমর্থন খুব একটা কমেনি। কিন্তু ২০০৭ সালে আততায়ীদের গুলি ও বোমা হামলায় দলটির জনপ্রিয় নেতা সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হন। জেনারেল মোশাররফের তৎকালীন সরকার দাবি করে, তালেবান জঙ্গিরা ওই হামলা চালায়। এ ঘটনায় জড়িত সন্দেহে তখন বেশ কয়েকজন তালেবান জঙ্গিকে গ্রেপ্তারও করা হয়।পিপিপি ও এএনপির শীর্ষ নেতারা চার বছর ধরে সতর্কতার সঙ্গে চলাফেরা করছেন। এ জন্য তৃণমূল পর্যায়ের মানুষদের থেকে অনেক দূরে রয়েছেন তাঁরা।