পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৫৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের আদিবাসী-অধ্যুষিত কুররাম এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় জোড়া বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে পৌঁছেছে। আহত হয়েছে দেড় শতাধিক মানুষ। আজ শনিবার ডন ও ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।

খবরে বলা হয়, কুররাম অঞ্চলের পারাচিনার শহরের তুরি বাজার এলাকার একটি বিদ্যালয় ও একটি মসজিদের সামনে এ দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ওই বাজার এলাকায় মানুষজন ইফতারের সামগ্রী কেনায় ব্যস্ত ছিল। বাজারের কাছে রাখা একটি সাদা ব্যক্তিগত গাড়িতে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। এর ঠিক এক ঘণ্টা পর দ্বিতীয় বিস্ফোরণটি হয়।

হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে হামলাগুলো মূলত শিয়া সম্প্রদায়ের লোকজনকে লক্ষ্য করে চালানো হয়েছে। হতাহত ব্যক্তিদের অধিকাংশই শিয়া সম্প্রদায়ের মানুষ। আহত ব্যক্তিদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে পারাচিনারের সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণে তুরি বাজারের ২০টি দোকান ও ওই এলাকায় থাকা নয়টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে গতকাল সকালে কুররামের খার পাতা এলাকায় একটি ভূমি মাইন বিস্ফোরণে একটি পিক-আপ ট্রাকে থাকা দুই শিয়া সদস্য নিহত ও ছয়জন আহত হয়।