পাকিস্তানের পেশোয়ার শহরে গির্জার পাশে গত রোববার আত্মঘাতী বোমা হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৮১-তে দাঁড়িয়েছে। হামলার প্রতিবাদ ও খ্রিষ্টান সম্প্রদায়ের নিরাপত্তার দাবিতে গতকাল সোমবার সারা দেশে বিক্ষোভ হয়েছে।
সাপ্তাহিক প্রার্থনার শেষ পর্যায়ে চালানো ওই আত্মঘাতী হামলায় নারী ও শিশুসহ শতাধিক মানুষ আহত হয়। দেশটির তালেবান জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত দুটি গোষ্ঠী দাবি করেছে, মার্কিন ড্রোন হামলার প্রতিবাদে তারা গির্জায় হামলার নির্দেশ দিয়েছিল।
অল সেইন্টস চার্চে ওই আত্মঘাতী হামলায় আহত ব্যক্তিদের শহরের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালটির চিকিৎসক আরশাদ জাভেদ বলেন, রোববার রাতেই মৃতের সংখ্যা বেড়ে ৮১-তে দাঁড়ায়। তাদের মধ্যে ৩৭ জন নারী। নারী ও শিশুসহ আরও অন্তত ১৩১ জন আহত হয়।
রোববারের ওই হামলার প্রতিবাদে ও সংখ্যালঘু খ্রিষ্টান সম্প্রদায়ের নিরাপত্তার দাবিতে গতকাল পেশোয়ার, ইসলামাবাদ, করাচি, ফয়সালাবাদসহ সারা দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়।
ইসলামাবাদে ছয় শতাধিক বিক্ষোভকারী গতকাল সকালে একটি গুরুত্বপূর্ণ সড়ক কয়েক ঘণ্টা অবরোধ করে রাখে।
অল পাকিস্তান মাইনরিটিজ অ্যালায়েন্সের (এপিএমএ) প্রেসিডেন্ট পল ভাট্টি বলেন, ‘খ্রিষ্টান সম্প্রদায় শুধু এই হামলার শিকার নয়, বরং গোটা পাকিস্তানই এখন সন্ত্রাসী হামলার শিকার।’
ব্লাসফেমি আইনের বিরোধিতা করায় ২০১১ সালে হামলায় ভাট্টির ভাই শাহবাজকে হত্যা করা হয়। এদিকে কোয়েটায় বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছে। এএফপি।