পাকিস্তানে নীতির রাজনীতি শুরু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য শপথ নেওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বললেন, পাকিস্তানে ক্ষমতা নয়, নীতির রাজনীতি শুরু হয়েছে। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ গতকাল বুধবার পার্লামেন্ট সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার পর রাতে শপথ নেন। এ নিয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী হলেন নওয়াজ।নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে দেওয়া ভাষণে নওয়াজ শরিফ পাকিস্তানে মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলা বন্ধের আহ্বান জানান। এটি ছিল প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম ভাষণের একটি গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়, যা আগেই তিনি ঘোষণা করেছিলেন।৩৪২ আসনের পার্লামেন্টে ২৪৪টি ভোট পান নওয়াজ। প্রধানমন্ত্রী পদে অপর দুই প্রতিদ্বন্দ্বী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের মখদুম জাভেদ হাশমি ৩১টি ভোট পান এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মখদুম আমিন ফাহিম পান ৪২টি ভোট। পার্লামেন্টে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে নওয়াজ বলেন, জনতার রায় প্রমাণ করেছে, সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পন্থা গণতন্ত্র। পাকিস্তানে ক্ষমতা নয়, নীতির রাজনীতি শুরু হয়েছে। পাকিস্তানের জনগণ তাঁর ওপর ‘যে আস্থা রেখেছে’ নওয়াজ তা পূরণের অঙ্গীকার করেন। নওয়াজ শরিফ বলেন, তিনি এই ভেবে আপ্লুত যে জনগণ তাদের মত দিয়েছে। পাকিস্তানের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করার দুঃসাহস দেখানোর সুযোগ এখন আর নেই। তিনি বলেন, টেকসই অবকাঠামো নির্মাণ, অর্থনৈতিক সংস্কার ও দুর্নীতি প্রতিহত করা হবে তাঁর সরকারের প্রধান কাজ।মার্কিন ড্রোন হামলা প্রসঙ্গে নওয়াজ বলেন, প্রতিদিন ড্রোন থেকে যে হামলা চালানো হচ্ছে তা অবশ্যই বন্ধ করতে হবে। পাকিস্তানের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি অন্য দেশগুলোকে শ্রদ্ধাশীল হতে হবে এবং যুক্তরাষ্ট্রকে এই কর্মসূচির অবসান ঘটাতে হবে। তিনি বলেন, ড্রোন হামলা বন্ধে যৌথ কর্মপন্থা খুঁজে বের করতে হবে।প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পরে রাতে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাঁর বাসভবনে নওয়াজকে শপথ পাঠ করান। এ সময় রাজনীতিক, শীর্ষ কর্মকর্তা ও কূটনীতিকেরা উপস্থিত ছিলেন। নওয়াজের শপথ গ্রহণের মধ্য দিয়ে মীর হাজার খান খোসোর তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয়ে যায়। পিএমএল-এন সূত্রমতে, নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নওয়াজ শরিফের নেতৃত্বে ১৮ থেকে ২০ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হবে। এর মধ্যে চৌধুরী নিসার আলী খান স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন। সিনেটর ইসহাক দারকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে।গত ১১ মে পাকিস্তানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটিতে এবারই প্রথমবারের মতো একটি নির্বাচিত সরকার পুরো মেয়াদ টিকে থেকে গণতান্ত্রিকভাবে অন্য সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করল। এ অর্জনকে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশটির সংগ্রামে এক বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। ঐতিহাসিক এ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পায় পিএলএম-এন। পার্লামেন্টের ৩৪২টি আসনের মধ্যে পিএলএম-এনের আসন ১৭৭টি। গত শনিবার নবনির্বাচিত আইনপ্রণেতারা আনুষ্ঠানিকভাবে শপথ নেন। পাকিস্তানের ৬৬ বছরের ইতিহাসে দেশটিতে তিন দফায় সামরিক শাসন জারি হয়। এর মধ্যে কয়েকবার নির্বাচন হলেও নির্বাচিত সরকারের পেছনেও শক্তিশালী সামরিক বাহিনীর ছায়া সব সময় ছিল। নির্বাচনে বিগত সরকারে থাকা পিপিপি হেরে গেলেও দলটির নেতা আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী সেপ্টেম্বরে তাঁর প্রেসিডেন্ট পদের মেয়াদ পূর্ণ হবে।‘পিপিপিরও প্রশংসা প্রাপ্য’পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হওয়া মখদুম আমিন ফাহিম গতকাল বুধবার বলেছেন, তাঁর দেশে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী হয়েছে। পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের (পিএমএল-এন) নেতা তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হওয়ার সাফল্য অর্জন করেছেন। এ জন্য পিপিপিরও প্রশংসা পাওয়া উচিত।সাম্প্রতিক নির্বাচনে নওয়াজ শরিফের দলের কাছে পরাজিত পিপিপির নেতা আমিন ফাহিম পার্লামেন্টে বলেন, পাকিস্তানে গণতন্ত্র পরিণত রূপ নিয়েছে। এই কৃতিত্বের দাবি করতে পারে পিপিপি। কারণ, দলটি ক্ষমতায় থাকাকালে সংবিধানের তিনটি গুরুত্বপূর্ণ সংশোধনী সম্পন্ন করেছে। বিগত মেয়াদে ক্ষমতায় থাকাকালে পিপিপি সরকার কাউকেই তাঁর রাজনৈতিক বিশ্বাসের কারণে কারাগারে পাঠায়নি। দেশে একটি গণতান্ত্রিক সরকার আরেকটি নির্বাচিত বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে। এর মধ্য দিয়ে পিপিপি দেশকে স্বৈরতন্ত্রের অভিশাপ থেকে মুক্ত করেছে।পাকিস্তানের রাজনীতিতে গোয়েন্দা সংস্থাগুলোর প্রভাবের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেন ফাহিম। এ ছাড়া তিনি নতুন সরকারের ইরান-পাকিস্তান পাইপলাইন প্রকল্পটি বাস্তবায়ন করা উচিত বলে মত দেন। ডন।বিবিসি ও ডন।