পাকিস্তানে ন্যাটোর গাড়িবহরে হামলা, সাতজন নিহত
আফগানিস্তানে নিয়োজিত ন্যাটোবাহিনীর জন্য মালামাল সরবরাহকারী গাড়িবহরে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। গত মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছেই এই ঘটনা ঘটে। গতকাল বুধবার ইসলামাবাদের পুলিশ সূত্রে এই তথ্য জানা গেছে। হামলার দায় কেউ স্বীকার করেনি। স্থানীয় পুলিশ কর্মকর্তা তাহির রিয়াজ জানান, রাজধানী ইসলামাবাদ থেকে ১৫ কিলোমিটার দূরে টারনল এলাকায় পার্ক করা গাড়িবহরে হামলা চালায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। তাদের মুহুর্মুহু গুলিতে গাড়িবহরের পঞ্চাশটিরও বেশি ট্রাকে আগুন ধরে যায়। বিকট শব্দে ট্রাকের চাকা ও জ্বালানি ট্যাংকের বিস্ফোরণ ঘটে। টারনল পুলিশ স্টেশনের প্রধান শাহনেওয়াজ জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অস্ত্রধারীরা এ হামলা চালায়। স্থানীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, দমকল বাহিনী ও স্থানীয় লোকজন অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পুলিশ কর্মকর্তা গুস্তাসাব খান জানান, হামলায় সাতজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন চারজন। হতাহত ব্যক্তিরা মালামাল বহনকারী ট্রাকের চালক ও তাঁদের সহকারী। তবে তাঁদের মধ্যে স্থানীয় লোকজনও থাকতে পারে। এ ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কেউ হামলার দায়ও স্বীকার করেনি।ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক কলিম ইমান বলেন, ‘১০ থেকে ১২ জন বন্দুকধারী ওই হামলায় অংশ নেয়। তারা মোটরসাইকেলে করে এসে হামলা চালিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। আমরা তাদের গ্রেপ্তারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ পুলিশ সূত্র জানায়, ইসলামাবাদ থেকে উত্তর-পশ্চিমাঞ্চলের শহর পেশোয়ার যাওয়ার এই সড়কটিই পাকিস্তান থেকে আফগানিস্তানে ন্যাটোবাহিনীর মালামাল সরবরাহের জন্য প্রধান পথ হিসেবে ব্যবহার করা হয়। এর আগেও মার্কিন ও ন্যাটোবাহিনীর জন্য মালামাল বহনকারী গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। কিন্তু রাজধানীর এত কাছে এ ধরনের হামলার ঘটনা এটাই প্রথম। বিভিন্ন সময় চালানো এসব হামলার জন্য আল-কায়েদা ও তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন জঙ্গিগোষ্ঠীকে দায়ী করা হয়। ২০০৭ সালের জুলাই থেকে এ পর্যন্ত এ ধরনের হামলায় তিন হাজার ৩৭০ জন নিহত হয়েছেন। আফগানিস্তানেও তালেবান জঙ্গিরা বিদেশি সেনাদের ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ন্যাটো দেশটিতে আরও সেনা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী আগস্টে দেশটিতে বিদেশি সেনাসংখ্যা দেড় লাখে দাঁড়াবে। তালেবান ও আল কায়েদা জঙ্গিদের দমনে এসব সেনারা কাজ করবে। এএফপি।