পাকিস্তানে ন্যাটোর রসদবাহী ট্রাকে হামলা, নিহত ১
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ন্যাটোর রসদবাহী কয়েকটি ট্রাকে বন্দুকধারীদের হামলায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। সরকারি কর্মকর্তারা বলেন, পেশোয়ার শহরের উপকণ্ঠে জামরুদ এলাকার একটি বাজারের কাছে গতকাল মঙ্গলবার ওই হামলা হয়।স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা বখতিয়ার খান বলেন, মোটরসাইকেল আরোহী সশস্ত্র দুই ব্যক্তি ন্যাটোর রসদবাহী একটি গাড়ির চালক ও তাঁর সহযোগীকে গুলি করেন। হাসপাতালে নেওয়ার পর ওই চালকের মৃত্যু হয়। তাঁর মাথা ও বুকে গুলি করা হয়েছিল বলে নিশ্চিত করেছেন জামরুদ হাসপাতালের চিকিৎসক আজম খান। গত নভেম্বরের মার্কিন বিমান হামলায় ২৪ জন পাকিস্তানি সেনা নিহত হন। ওই ঘটনার পর ক্ষুব্ধ পাকিস্তান ন্যাটোর রসদ সরবরাহের পথ বন্ধ করে দেয়। এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ওই বিমান হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করার পর পাকিস্তান সরকার ৩ জুলাই পথটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে দেশটির কট্টরপন্থী ধর্মীয় দলগুলো বিক্ষোভ করে এবং তালেবান বিদ্রোহীরা ওই রসদবাহী গাড়িতে হামলার হুমকি দেয়। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি-অধ্যুষিত আধাস্বায়ত্তশাসিত এলাকাটিকে তালেবান ও আল-কায়েদা জঙ্গিদের মূল কেন্দ্র হিসেবে বিবেচনা করে ওয়াশিংটন। ওই এলাকা থেকেই পাকিস্তানের পশ্চিমাঞ্চলসহ আফগানিস্তানে হামলার ষড়যন্ত্র করা হয়। এএফপি।