মার্কিন অভিযানে নিহত হওয়ার আগে নয় বছর ধরে পাকিস্তানে বাস করছিলেন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন। এ সময় কয়েকটি শহরে নিরাপদে অবস্থান করেন তিনি। চার সন্তানের বাবাও হন।পাকিস্তানের তদন্ত কর্মকর্তাদের এসব তথ্য দেন ওসামার ছোট স্ত্রী আমাল আহমাদ আবদুল ফাতেহ। গত ১৯ জানুয়ারি তাঁর এই জবানবন্দি নেওয়া হয়। ২০০০ সালে ওসামাকে বিয়ে করেন ফাতেহ। আফগানিস্তানের কান্দাহার শহরের বাইরে অবস্থিত একটি ঘাঁটিতে ওসামার সঙ্গেই ছিলেন। সেখানে সাফিয়া নামের এক সন্তানের জন্ম হয় তাঁর। ৯/১১-এর পর পাকিস্তানের করাচিতে চলে যান ফাতেহ। সেখানে প্রায় নয় মাসে সাতটি বাড়ি বদল করেন। এ সময় পাকিস্তানের কয়েকটি পরিবার ও ওসামার বড় ছেলে সাদ তাঁকে সহায়তা করেন। ২০০২ সালের মাঝামাঝি সময়ে পেশোয়ার যান ফাতেহ। সেখানে স্বামী ওসামার সঙ্গে তাঁর আবার দেখা হয়।ফাতেহ জানান, ওসামা তাঁর পরিবার নিয়ে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে ছিলেন। কিন্তু উপজাতি-অধ্যুষিত এলাকা এড়িয়ে চলতেন। কারণ ওসামার খোঁজে ওই এলাকাগুলোতে পশ্চিমাদের বেশি নজরদারি ছিল।ওসামার সঙ্গে দেখা হওয়ার পর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের প্রায় ৮০ মাইল উত্তর-পশ্চিমাঞ্চল সোয়াত এলাকায় দুটি বাড়িতে আট-নয় মাস অবস্থান করেন। ২০০৩ সালে ইসলামাবাদের অদূরে হরিপুর নামের ছোট্ট একটি শহরে ভাড়াবাসায় প্রায় দুই বছর অবস্থান করেন। এখানে আয়শা ও ইব্রাহিম নামে তাঁদের দুই সন্তানের জন্ম হয়। এ সময় স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসাসেবাও নেন ফাতেহ। তবে পুলিশ বলছে, ফাতেহ খুব কম সময় হাসপাতালে ছিলেন। তা দুই থেকে তিন ঘণ্টা হতে পারে। এ সময় তাঁরা ভুয়া পরিচয় দেন।২০০৫ সালের মে মাসে ওসামা তাঁর পরিবার নিয়ে অ্যাবোটাবাদের একটি বাড়িতে বসবাস শুরু করেন। এখানে ২০০৬ সালে জয়নব ও ২০০৮ সালে হুসেইন নামের আরও দুই সন্তানের জন্ম হয়।গত বছরের ২ মে অ্যাবোটাবাদের বাড়িতেই মার্কিন অভিযানে নিহত হন ওসামা। এ সময় ওসামার কক্ষেই ছিলেন ফাতেহ। ফাতেহ বেঁচে গেলেও মার্কিন ওই অভিযানে ওসামার বার্তাবাহক, তাঁর স্ত্রী বুশরা, ভাই আবরার ও ওসামার ২০ বছর বয়সী ছেলে খলিল নিহত হন।ফাতেহ তদন্ত কর্মকর্তাদের জানান, সোয়াত, হরিপুর ও অ্যাবোটাবাদে থাকার সময় পশতুন লোকজন তাঁদের সহায়তা করে। এএফপি, হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া।