পাকিস্তানে পরমাণু চুল্লির বিষয় খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে দুটি বেসামরিক পরমাণু চুল্লি তৈরির চীনের একটি পরিকল্পনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটি পরমাণু অস্ত্রের বিস্তার রোধসংক্রান্ত চুক্তির প্রতি সম্মান দেখানোর জন্য সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে যে বেসামরিক পরমাণু চুক্তি করেছে, তার পাল্টা ব্যবস্থা হিসেবে চীন এই পদক্ষেপ নিতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মুসলিম জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত পাকিস্তানে পরমাণু সরঞ্জাম নিরাপদ নয় বলে পশ্চিমা বিশ্বের হুঁশিয়ারিকে উপেক্ষা করে চীন ওই পরিকল্পনা নিয়েছে। পাকিস্তানের চশমা এলাকায় দুটি বেসামরিক পরমাণু চুল্লি নির্মাণে অর্থ দিতে ইতিমধ্যেই রাজি হয়েছে চীনের জাতীয় পরমাণু সংস্থা। এর আগেও চীন পাকিস্তানে দুটি পরমাণু চুল্লি নির্মাণ করেছে।মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী জেমস স্টেইনবার্গ গত সোমবার বলেছেন, বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র ওই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেনি। তাঁরা পরমাণু চুল্লি তৈরির বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখছেন। পরমাণুু অস্ত্র বিস্তার রোধ চুক্তি মেনে চলার বিষয়টিও তাঁদের কাছে গুরুত্বপূর্ণ। বিশ্লেষকেরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ২০০৮ সালে ভারতের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তি করায় চীনও এ পথে পা বাড়াতে উত্সাহিত হয়েছে। এ ক্ষেত্রে চীন বেছে নিয়েছে পাকিস্তানকে। এএফপি।