পাকিস্তানে পাঁচ মার্কিন নাগরিকের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে সন্ত্রাসী পরিকল্পনার অভিযোগে ডিসেম্বরে গ্রেপ্তার হওয়া পাঁচ তরুণ মার্কিন নাগরিকের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার পাকিস্তানের সারগোধা শহরের সন্ত্রাস দমন আদালতে এ অভিযোগপত্র জমা দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হাসান দস্তগির এ কথা জানিয়েছেন। গতকাল শুনানির পর পুলিশের প্রিজন ভ্যানে করে আদালত প্রাঙ্গণ ত্যাগ করার সময় ওই মার্কিন তরুণেরা চিত্কার করে বলেন, ন্যায়বিচার কোথায়।হাসান দস্তগির বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আদালত অভিযোগপত্র গ্রহণ করেছেন। এতে সরকারের পতন ঘটানোর জন্য পাকিস্তানের প্রতিবেশী দেশে গিয়ে ষড়যন্ত্রের ইচ্ছা, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তহবিল সংগ্রহের সঙ্গে জড়িত থাকাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে। তিনি জানান, পাঁচজনের বিরুদ্ধে ৫ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।ইন্টারনেটের মাধ্যমে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ও সন্ত্রাসী হামলা পরিকল্পনার অভিযোগে গত বছরের ডিসেম্বরে ইসলামাবাদ থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সারগোধা শহর থেকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ওই পাঁচ তরুণকে গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে দুজন পাকিস্তানি, একজন মিসরীয়, একজন ইয়েমেনীয় ও একজন ইরিত্রীয় বংশোদ্ভূত।পাঁচ তরুণ এর আগে আদালতকে বলেছিলেন, তাঁরা আফগানিস্তানের মুসলমানদের চিকিত্সা ও আর্থিক সহায়তা দিতে চেয়েছিলেন। পুলিশ জানিয়েছে, ই-মেইল থেকে দেখা যায়, তাঁরা পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন। দস্তগির বলেন, অভিযোগ প্রমাণিত হলে তরুণদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। রয়টার্স।