পাকিস্তানে পারভীনের হত্যাকারীদের গ্রেপ্তারের নির্দেশ
পাকিস্তানের লাহোরে হাইকোর্টের বাইরে পাথর মেরে ফারজানা পারভীনের হত্যাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ‘অবিলম্বে ব্যবস্থা’ নিতে এ নির্দেশ দেওয়া হয়। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নওয়াজ শরিফ এ হত্যাকাণ্ডকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।
পরিবারের অমতে পছন্দের মানুষকে বিয়ে করায় ফারজানার বাবা-ভাইসহ পরিবারের সদস্যরা তাঁকে হত্যা করেন। ফারজানার স্বামী মোহাম্মদ ইকবাল বিবিসির কাছে অভিযোগ করেন, যখন এই হত্যাকাণ্ড ঘটে, তখন পুলিশ শুধু তাকিয়ে দেখেছে। ফারজানা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
লাহোরের পুলিশ প্রধান এই অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছে, ততক্ষণে ফারজানা মারা গেছেন।
গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান নাভি পিল্লাই বলেন, তিনি এ ঘটনায় ‘গভীরভাবে মর্মাহত’। একই সঙ্গে তিনি এ ঘটনায় দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
পাকিস্তানে প্রতিবছরই অনার কিলিংয়ের নামে কয়েক শ নারীকে হত্যা করা হয়।
পাকিস্তানের মানবাধিকার কমিশনের ২০১৩ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী গত বছর অনার কিলিংয়ের নামে ৮৬৯ জন নারীকে হত্যা করা হয়েছে। তবে বাস্তবে এ সংখ্যা আরও বেশি বলে মনে করা হয়।