পাকিস্তানে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। গতকাল বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনী এ কথা জানায়।সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, হাতফ-৩ নামের স্বল্পপাল্লার ওই ক্ষেপণাস্ত্র ২৯০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি গতানুগতিক যুদ্ধাস্ত্র বহনেও সক্ষম। বিবৃতিতে বলা হয়, স্থল প্রশিক্ষণ মহড়ায় সফলভাবে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে।দুই সপ্তাহ আগেও পাকিস্তান মাঝারিপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। একে ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৫-এর সফল পরীক্ষার জবাব হিসেবে দেখা হয়। অগ্নি-৫ চীনের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম।প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ভারত এখন কৌশলগতভাবে পাকিস্তানের চেয়ে চীনকেই বেশি গুরুত্ব দিচ্ছে। কিন্তু পাকিস্তান তার চির প্রতিদ্বন্দ্বীকে নিয়ে এখনো উদ্বিগ্ন।ভারত ও পাকিস্তানের মধ্যে তিনটি যুদ্ধ হয়েছে। ১৯৯৮ সালের পর থেকে এই দুটি দেশ প্রায় নিয়মিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এএফপি।