পাকিস্তানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করতে অনড় চীন
জাপানে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিতে বিস্ফোরণের পর পাকিস্তানে চীনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ তীব্র বিতর্কের মুখে পড়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, ১৯৭০ দশকেরও আগের প্রযুক্তি দিয়ে চীন পাকিস্তানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বানাচ্ছে। এটা নিরাপত্তার দিক থেকে খুবই ঝুঁকিপূর্ণ। তবে চীন বলেছে, তারা পরিকল্পনা থেকে সরে আসবে না। ওই কেন্দ্রের নির্মাণকাজ শেষ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।প্রস্তাবিত প্রকল্প অনুযায়ী, পাঞ্জাব প্রদেশের চশমায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বানাচ্ছে চীন। ১১ মার্চ ভূমিকম্পের পর জাপানের ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্রের চুল্লিতে বিস্ফোরণ ঘটার আগে থেকেই চশমা প্রকল্প নিয়ে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। জাপানের ঘটনার পর তাদের সে উদ্বেগ আরও বহু গুণ বেড়ে গেছে। এ ছাড়া ওয়াশিংটন ও নয়াদিল্লিও পাকিস্তানের পারমাণবিক কার্যক্রম বিস্তারে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে, পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতা, জঙ্গি তৎপরতা ও অন্যান্য কারণে এ কার্যক্রম আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়াবে। তবে বেইজিং বা ইসলামাবাদের কেউই এ প্রকল্প থেকে সরে আসার পক্ষপাতী নয়।জার্মানিভিত্তিক পরমাণু বিশেষজ্ঞ মার্ক হিবস বলেছেন, সবচেয়ে পুরোনো প্রযুক্তি দিয়ে পাকিস্তানের চুল্লি তৈরি করা হচ্ছে। এ কারণে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেশি থাকবে।তবে চীনের শীর্ষস্থানীয় পরমাণু বিশেষজ্ঞ লি হং বলেছেন, এ প্রকল্প বাস্তবায়নে চীন অন্য কারও সবুজ সংকেতের জন্য অপেক্ষা করবে বলে মনে হয় না। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে চীনের পারমাণবিক কার্যক্রমের ইতিহাস অনেক দীর্ঘ। এ কারণে চশমা প্রকল্প নিয়ে চীন এগিয়ে যাবেই। রয়টার্স।