পাকিস্তানে পালানোর পর ৫৩ বন্দীর আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালেবান জঙ্গিদের হামলার পর পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের বান্নু কারাগার থেকে পালিয়ে যাওয়া ৩৮৪ জন বন্দীর মধ্যে ৫৩ জন গতকাল সোমবার আত্মসমর্পণ করেছেন। পালিয়ে যাওয়া আরও ১১ জন বন্দীকে গ্রেপ্তার করা হয়েছে। বান্নু শহরের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ইফতিখার খান এসব কথা জানিয়েছেন। আত্মসমর্পণকারী বন্দীদের মধ্যে একজন নারীও রয়েছেন। গত শনিবার কারাগারে জঙ্গি হামলার পর বান্নু শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারাগার কর্তৃপক্ষ ওই এলাকার মুঠোফোনের নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী ও পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে যাচ্ছে।এদিকে পাকিস্তানের দৈনিক পত্রিকা দ্য নিউজ ইন্টারন্যাশনাল এই হামলার পর তালেবান জঙ্গিদের শক্তি ও সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছে। গতকাল ওই পত্রিকায় প্রকাশিত সম্পাদকীয়তে বলা হয়েছে, তালেবান জঙ্গিরা যে দিন দিন শক্তিশালী হচ্ছে, শনিবারের হামলার ঘটনায় তা প্রমাণিত হয়েছে। তালেবান জঙ্গিরা পাকিস্তানে এই প্রথম এ ধরনের হামলা চালাল। আর জঙ্গিরা আবারও এ ধরনের হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে পত্রিকাটি। পাকিস্তানের অন্য কারাগারগুলোকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। দ্য নিউজ ইন্টারন্যাশনাল-এর সম্পাদকীয়তে এই হামলাকে পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বড় ধরনের হুমকি হিসেবে চিহ্নিত করা হয়। বলা হয়, এ ধরনের হামলা তালেবানেরর শক্তির প্রকাশ, আর পাকিস্তানের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর শক্তির ওপর আঘাত। প্রসঙ্গত, শনিবার গভীর রাতে বান্নু কেন্দ্রীয় কারাগারে একদল জঙ্গি সশস্ত্র হামলা চালায়। এ সময় কারাগার থেকে ৩৮৪ জন বন্দী পালিয়ে যান। পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দেড় শ ইসলামপন্থী জঙ্গি গুলি ও রকেটচালিত গ্রেনেড নিয়ে কারাগারটিতে হামলা চালায়। তারা প্রথমে কারাগারের সামনের ফটকে বিস্ফোরণ ঘটায়। এরপর তারা কারাগারের দুটি দেয়াল ভাঙে। এ সময় কারাগারের নিরাপত্তাকর্মী ও পুলিশের সঙ্গে জঙ্গিদের প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে। তবে হামলার জন্য টিটিপিই দায়ী কি না, সে ব্যাপারে পাকিস্তান সরকার নিশ্চিত নয়। এএফপি, জিনিউজ।