পাকিস্তানে পুরোনো রাজার পথে নতুন রাজা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা চালু করতে সুইজারল্যান্ড সরকারের কাছে চিঠি দেওয়ার প্রশ্নে বর্তমান প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ তাঁর পূর্বসূরি ইউসুফ রাজা গিলানির পথই অনুসরণ করছেন। ওই চিঠি দেওয়া প্রশ্নে ১৮ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে নিজের অবস্থান তুলে ধরবেন রাজা পারভেজ।গত জুনে পারভেজ আশরাফ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কিছুদিনের মধ্যে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাঁকে প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা চালু করতে সুইস কর্তৃপক্ষের কাছে চিঠি লেখার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী আশরাফ আদালতের নির্ধারিত সময়ের মধ্যে চিঠি না লেখায় তাঁকে কারণ দর্শাতে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৭ আগস্ট তিনি আদালতে হাজির হন।বিচারপতি আসিফ সাইদ খোসার নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চে হাজির হয়ে প্রধানমন্ত্রী আশরাফ জানান, পরবর্তী তারিখে আদালতে হাজির হয়ে এ ব্যাপারে তিনি অবস্থান তুলে ধরবেন। প্রধানমন্ত্রী আদালতকে এই নিশ্চয়তা দেন, তিনি এই ইস্যুতে একটি শান্তিপূর্ণ সমাধান নিয়ে আগামী তারিখে আদালতে হাজির হবেন। আদালত তাঁর পরবর্তী হাজিরার তারিখ নির্ধারণ করেন ১৮ সেপ্টেম্বর।এদিকে একটি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী আশরাফ আদালতের আদেশ রক্ষা করার জন্য একটি কৌশল অবলম্বন করতে যাচ্ছেন। তা হলো, প্রধানমন্ত্রী সুইস কর্তৃপক্ষের কাছে এমনভাবে চিঠি লিখবেন, যাতে প্রেসিডেন্ট বা সরকার কোনো ঝুঁকিতে না পড়েন। তবে এই কৌশল গ্রহণ করা হবে কি না, তা এখনো চূড়ান্ত হয়নি। দলটি যদি এই সিদ্ধান্ত নেয়ও, তা কতটা কার্যকর হবে, সময়ই সেটি বলে দেবে।প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে চিঠি লেখার নির্দেশ পাওয়ার পর থেকেই রাজা পারভেজ ও তাঁর দল ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) আদালত মোকাবিলার পথ খুঁজছে। পিপিপির ভেতর থেকে আদালতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার চাপ আসছে। পিপিপির নেতারা এমন কথাও বলেন, প্রধানমন্ত্রী রাজা পারভেজ প্রয়োজনে তাঁর পূর্বসূরি গিলানিকে অনুসরণ করে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেবেন। তার পরও আদালতের আদেশ মেনে প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে মামলা চালুর জন্য সুইস কর্তৃপক্ষের কাছে চিঠি লিখবেন না।বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ফাওয়াদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর তাঁর পূর্বসূরি গিলানির মতোই পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘আমরা বিচার বিভাগের প্রতি সম্মান জানাই। একই সঙ্গে সংবিধানের প্রতিও আমাদের আনুগত্য দেখাতে হবে। সংবিধানে এটা বলা আছে, আমাদের প্রেসিডেন্টকে আমরা অন্য কোনো দেশের বিচারব্যবস্থায় তুলে দেব না।’সরকার ও বিচার বিভাগের বর্তমান অবস্থান নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট তারিক মেহমুদ। তিনি বলেন, ‘এই মুহূর্তে যে অবস্থা, তাতে আগামী দিনগুলোতে আমাদের বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ আরও সাংঘর্ষিক পরিস্থিতির মুখোমুখি হবে বলে মনে হচ্ছে।’ ডন।