পাকিস্তানে পোলিও কর্মসূচি স্থগিত করেছে জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে পোলিও নির্মূলে টিকাদান কর্মসূচি গতকাল বুধবার স্থগিত ঘোষণা করেছে জাতিসংঘ। গত তিন দিনে হামলায় এই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত আটজন কর্মী নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে এই ঘোষণা দেওয়া হয়।বিশ্বের তিনটি দেশে পোলিও আক্রান্তের হার এখনো আশঙ্কাজনক। এর মধ্যে পাকিস্তান একটি। গত সোমবার দেশটিতে ওই টিকাদান কর্মসূচি শুরু করে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। স্থানীয় স্বাস্থ্য বিভাগ জাতিসংঘের ওই দুটি সংস্থার কারিগরি ও আর্থিক সহায়তায় এই কর্মসূচি পরিচালনা করছিল।পেশোয়ারে গতকাল বন্দুকধারীদের গুলিতে টিকাদান কর্মসূচির একজন তত্ত্বাবধায়ক ও তাঁর গাড়ির চালক নিহত হন। এর পরই টিকাদান কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।ইউনিসেফের মুখপাত্র মাইকেল কোলম্যান বলেন, বুধবার পেশোয়ারে হামলায় দুই কর্মী নিহত হওয়ার পর ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা পাকিস্তানে টিকাদান কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।পেশোয়ারের পুলিশ কর্মকর্তা ওয়াজিদ আলী খান জানান, টিকাদান কর্মসূচির তত্ত্বাবধায়ক ব্যক্তিগত গাড়িতে করে চরসাদা এলাকা দিয়ে যাওয়ার সময় বন্দুকধারীরা মোটরসাইকেলে করে গিয়ে গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। এ ছাড়া গতকাল সকালে পেশোয়ার শহরের অদূরে টিকা খাওয়ানোর সময় এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়। গতকালই পেশোয়ারে টিকাদান কর্মসূচির আরও দুটি দলকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালানো হয়।এর আগে গত মঙ্গলবার সিন্ধু ও খাইবার পাখতুনখাওয়ায় হামলায় টিকাদান কর্মসূচির চারজন নারী কর্মী নিহত হন। এরপর ওই দিনই সিন্ধু ও খাইবার পাখতুনখাওয়ায় টিকাদান কর্মসূচি স্থগিত করা হয়। গত সোমবার করাচিতে গুলি করে একজনকে হত্যা করা হয়।গতকাল পর্যন্ত এসব হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে কর্মসূচির বিরোধিতার কারণ, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এর আগে পাকিস্তানে টিকাদান কর্মসূচি পরিচালনার আড়ালে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের সন্ধান করে। এতে সফলও হয় সিআইএ। গত বছরের ২ মে পাকিস্তানে অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করা হয়। জঙ্গি সংগঠনগুলোর অভিযোগ, এসব কর্মসূচির আড়ালে তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করা হচ্ছে। এএফপি ও বিবিসি।