পাকিস্তানে প্রতিটি মানুষের নিরাপত্তা দেবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, পাকিস্তানে ধর্মবর্ণ-নির্বিশেষে প্রতিটি মানুষের নিরাপত্তা দেবে রাষ্ট্র। জনগণের জানমালের নিরাপত্তার চেয়ে অন্য কোনো কিছু বড় হতে পারে না।
আজ মঙ্গলবার ইসলামাবাদে এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন বলে জানায় ডন। বৈঠকে দেশজুড়ে সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
নওয়াজ বলেন, ‘পেশোয়ার, কোয়েটা ও ওয়াঘা এলাকায় সন্ত্রাসীরা যে নৃশংস হামলা চালিয়েছে, আমরা তা ভুলতে পারব না এবং হত্যাকারীদের ক্ষমাও করতে পারব না।’
১৬ ডিসেম্বর পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবান জঙ্গিরা হামলা চালিয়ে ১৪৯ জনকে হত্যা করে। এর মধ্যে ১৩২ জন শিশু।
হামলার পরপরই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেসামরিক ও সামরিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সবাই সন্ত্রাসের প্রতি জিরো টলারেন্স দেখানোর বিষয়ে একমত হন।