পাকিস্তানে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফখরুদ্দিন জি ইব্রাহিম
ফখরুদ্দিন জি ইব্রাহিম

পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ফখরুদ্দিন জি ইব্রাহিম পদত্যাগ করেছেন। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্ধারিত তারিখের কিছুদিন আগে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়ার এক সপ্তাহ পরই পদত্যাগ করলেন সিইসি।
ফখরুদ্দিন জি ইব্রাহিম গত বুধবার পদত্যাগপত্র জমা দেন বলে প্রেসিডেন্টের মুখপাত্র নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা বলেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে সিইসি ফখরুদ্দিন অসন্তুষ্ট হয়েছিলেন। তিনি বিষয়টিকে সাংবিধানিক অধিকারের লঙ্ঘন হিসেবে বিবেচনা করেছিলেন। সিইসি পূর্বনির্ধারিত তারিখেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ছিলেন। কিন্তু কমিশনের অন্য সদস্যদের সমর্থনের অভাবে তাঁকে পরিবর্তিত তারিখেই নির্বাচন আয়োজন করতে হয়।
প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ এগিয়ে আনার জন্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে এক সপ্তাহ আগে নির্দেশ দেওয়া হয়। ফলে নির্বাচন পূর্বনির্ধারিত তারিখের (৬ আগস্ট) পরিবর্তে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সব দলের সঙ্গে ‘কোনো আলোচনা ছাড়া’ নির্বাচনের তারিখ পরিবর্তনের প্রতিবাদে প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও আরও কয়েকটি দল ওই প্রেসিডেন্ট নির্বাচন বর্জন করে। ফলে সহজেই জয়লাভ করেন ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) মনোনীত প্রার্থী মামনুন হুসাইন। পার্লামেন্ট সদস্যদের একাংশ সিইসির পদত্যাগ দাবি করেছিলেন।

প্রধান বিচারপতির পদত্যাগ চায় পিপিপি: ‘বিচারব্যবস্থার পবিত্রতা রক্ষার’ স্বার্থে প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীর পদত্যাগ দাবি করেছে প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। মহাসচিব সরদার লতিফ খোশা বলেন, সিইসির পদত্যাগ এ দাবির যথার্থতা প্রমাণ করেছে। ডন।