পাকিস্তানে প্রধানমন্ত্রী নির্বাচন বুধবার
পাকিস্তানের পার্লামেন্টের সচিবালয় আজ শনিবার প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। সংবিধানের ৯১-এর ৩ নম্বর ধারা অনুসারে এ নির্বাচনের আয়োজন করা হবে।
আসছে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর দুইটার মধ্যে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়নপত্র দাখিল করতে হবে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে বুধবার।
প্রধানমন্ত্রী পদের জন্য সবচেয়ে শক্তিশালী প্রার্থী হলেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ। পিএমএল-এন এখন দেশটির পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল এবং যেকোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ পার্লামেন্ট সদস্যের সমর্থন আছে দলটির। এবার নির্বাচিত হলে নওয়াজ তৃতীয়বারের মতো দেশটির প্রধানমন্ত্রী হবেন।
লাহোর থেকে বিমানে করে ইসলামাবাদে পৌঁছে নওয়াজ সাংবাদিকদের বলেন, ‘আল্লাহ একটি নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার নির্বাচনের তওফিক দিয়েছেন, এ জন্য তাঁকে ধন্যবাদ।...এটা শুভ দিক যে আজ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তর হলো। সরকার বদলের জন্য ব্যালটের বাইরে ভালো কোনো পথ আর নেই। এ জন্য আমি জাতিকে ধন্যবাদ দিই।’
পিএমএল-এনের নেতারা বলেছেন, পাকিস্তানের বিভিন্ন সমস্যা সমাধানে তাঁরা বিরোধী দলকে নিয়ে কাজ করবেন। দলটির প্রবীণ নেতা আহসান ইকবাল বলেন, ‘দেশের হাজারো সমস্যা সমাধানে আমরা বিরোধী দলের সহযোগিতা নিয়ে কাজ করব।’