পাকিস্তানে প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রীদের পদত্যাগপত্র জমা
পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা গতকাল বুধবার প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় মন্ত্রিসভার আকার ছোট করার পরিকল্পনার অংশ হিসেবে তাঁরা পদত্যাগ করেছেন।প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, ‘আজকের (বুধবার) বৈঠকই হলো বিদ্যমান মন্ত্রিসভার শেষ বৈঠক।’ সরকারের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকেই মন্ত্রীরা তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী এখন মন্ত্রীদের পদত্যাগপত্র প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির কাছে পাঠাবেন। প্রেসিডেন্ট পদত্যাগপত্র গ্রহণ করামাত্র মন্ত্রিসভা বিলুপ্ত হয়ে যাবে। অর্থনৈতিক সংকট মোকাবিলায় পাকিস্তান সরকার ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছে। তা ছাড়া বিরোধীরা দীর্ঘদিন ধরে মন্ত্রিসভার আকার ছোট করার দাবি জানিয়ে আসছে। এরই অংশ হিসেবে মন্ত্রিসভার সদস্যসংখ্যা এক-তৃতীয়াংশ কমিয়ে ফেলা হবে। মন্ত্রী ও উপমন্ত্রীর সংখ্যা ৬০ থেকে ৪০-এ নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সরকারি খাতের ব্যয়ও হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ক্ষমতাসীন দলের মুখপাত্র ফারাহনাজ ইস্পাহানি বলেছেন, পাকিস্তানের বিদ্যমান মন্দা অর্থনীতির প্রেক্ষাপটে মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে। মন্ত্রিসভার আকার ছোট করা জরুরি হয়ে পড়েছে। মন্ত্রিসভার আকার ছোট করে আনলেও পরিস্থিতি মোকাবিলা করা সহজ হবে না বলে জানিয়ে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা বলেন, মন্ত্রিপরিষদের পুনর্গঠনের বিষয়টি রাজনীতির জন্য ইতিবাচক হতে পারে। তবে অর্থনীতির জন্য কতটা সহায়ক হবে, তা নিয়ে সংশয় রয়েছে। কেননা বর্তমান সরকারের মূল সমস্যা হচ্ছে তাদের ওপর জনগণের অনাস্থা। তাই জনগণ ও বিদেশিদের আস্থা ফিরিয়ে আনতে সরকারকে গঠনমূলক ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। পাকিস্তানে গত বছরের ভয়াবহ বন্যায় অন্তত এক হাজার কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। বন্যার সময় বিভিন্ন দাতাগোষ্ঠীর কাছ থেকে যে পরিমাণ সাহায্যের প্রতিশ্রুতি এসেছিল, বাস্তবে এসেছে তার চেয়ে অনেক কম। বন্যা-পরবর্তী সংস্কারমূলক কাজ সম্পন্ন করায় পাকিস্তান সরকারের সামর্থ্য ও আগ্রহ নিয়ে দাতাগোষ্ঠীগুলো সংশয় প্রকাশ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এএফপি, বিবিসি ও রয়টার্স।