পাকিস্তানে প্রাণদণ্ডের বিধান পুনর্বহালে ক্ষোভ
পাকিস্তানে নবগঠিত সরকার সন্ত্রাস দমনে প্রাণদণ্ডের বিধান পুনর্বহাল করেছে। রয়টার্স বলছে, সরকারের পদক্ষেপকে অমানবিক ও পশ্চাত্পদ বলে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।
পাকিস্তানের বিভিন্ন কারাগারে আটক প্রায় আট হাজার বন্দী এমনসব মামলায় অভিযুক্ত, যেগুলোর রায়ে তাঁদের মৃত্যুদণ্ডাদেশ হতে পারে।
কোনো একটি রাষ্ট্রে প্রাণদণ্ডের বিধানকে নিষিদ্ধ করে আবার সেটি চালুর ঘটনা খুবই বিরল। এখন পর্যন্ত বিশ্বের ১৫০টিরও বেশি দেশে মৃত্যুদণ্ড ও এ ধরনের রায় দেওয়া নিষিদ্ধ করা হয়েছে।
২০০৮ সালে পাকিস্তানের সরকার মৃত্যুদণ্ডের বিধান সাময়িকভাবে রহিত করে। গত ৩০ জুনে এ স্থগিতাদেশের মেয়াদ ফুরায়। এ আদেশের পর বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন পাকিস্তান সরকারকে স্বাগত জানিয়েছিল।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওমর হামিদ খান আজ রোববার বলেন, ‘বর্তমান সরকার এটিকে (মৃত্যুদণ্ডের স্থগিতাদেশ) বাড়াতে চায় না।’
এর ফলে পাকিস্তানের প্রেসিডেন্টকে মৃত্যুদণ্ডাদেশের সবগুলো রায় পাস করতে হবে। এখন পর্যন্ত প্রায় ৪০০ ব্যক্তির প্রাণদণ্ড থেমে আছে। দেশটিতে সাধারণত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
জুরিদের আন্তর্জাতিক কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিশ্বের হাতেগোনা যে দু-একটি দেশ প্রাণদণ্ড ও এ ধরনের আদেশ প্রদান পুনর্বহাল করেছে, পাকিস্তান সেগুলোর অন্যতম।...সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, মৃত্যুদণ্ডের বিধানের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিলে অনেক বেশি সংখ্যক মানুষকে মৃত্যুর শিকার হতে হবে।’
ওমর হামিদ খান জানান, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সরকারের নতুন নীতি অনুযায়ী, মানবিক কারণে ক্ষমা পাওয়ার যোগ্য ব্যক্তিরা ছাড়া মৃতুদণ্ড পাওয়া সবার শাস্তি কার্যকর করা হবে।
জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, প্রাণদণ্ডের বিধান কোনো ধরনের অপরাধ কমাতে বা নির্মূল করতে সাহায্য করে, এমন কোনো প্রমাণ নেই। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ‘যত দিন প্রাণদণ্ডের বিধান থাকবে, তত দিন নিরীহ মানুষেরা এর শিকার হতে থাকবে।’
পাকিস্তান সরকারের দাবি, প্রাণদণ্ড করাচির মতো শহরগুলোতে অপরাধের মাত্রা কমাতে সাহায্য করেছে।
বিশ্বের অন্যতম দরিদ্র রাষ্ট্র পাপুয়া নিউগিনি ক্রমবর্ধমান গণধর্ষণ ও ‘ডাইনির’ হাতে মৃত্যুর ঘটনার পর গত মে মাসে মৃত্যুদণ্ড ও মায়াবিদ্যাবিষয়ক বিধান পুনর্বহাল করেছে।
অ্যামনেস্টির অভিযোগ প্রসঙ্গে ওমর হামিদ খান বলেন, যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্যে এখনো মৃত্যুদণ্ডের চল আছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ছিলেন মৃত্যুদণ্ড বিধানের ঘোরবিরোধী। মূলত তাঁর প্রচারণার উত্সাহেই সরকার ২০০৮ সালে মৃত্যুদণ্ড স্থগিত করেছিল।