পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন আজ
পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে আজ মঙ্গলবার। ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) মনোনীত প্রার্থী মামনুন হুসাইন স্পষ্টতই এগিয়ে রয়েছেন।প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এই নির্বাচন বর্জন করলেও ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনাসাফ (পিটিআই) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাঁর দলের প্রার্থী বিচারপতি ওয়াজিহউদ্দিন আহমেদ।প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আস্থাভাজন মামনুনই পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। এই নির্বাচনের মধ্য দিয়ে বিতর্কিত প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বিদায় নিচ্ছেন। তাঁর দল পিপিপিসহ তিনটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে না। দলগুলোর সঙ্গে ‘কোনো পরামর্শ ছাড়াই’ নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। নির্বাচনের পূর্বনির্ধারিত তারিখ ছিল ৬ আগস্ট।পাকিস্তানের নতুন সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। আজকের নির্বাচনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার দ্বন্দ্বের অবসান হলে তা সরকারের জন্য ইতিবাচক হবে বলেই ধারণা করা হচ্ছে। হুসাইনের সমর্থকদের মতে, তিনি নির্বাচিত হলে কেন্দ্রীয় প্রশাসনে দক্ষিণাঞ্চলের প্রতিনিধিত্ব জোরদার হবে। অন্যথায় প্রধানমন্ত্রী নওয়াজের নিজ এলাকা পাঞ্জাবের একতরফা প্রতিনিধিত্ব থাকে। এএফপি।