পাকিস্তানে ফের ন্যাটো বাহিনীর ট্যাংকারে হামলা: নিহত ৩
পাকিস্তানে আবারও ন্যাটো বাহিনীর তেলের ট্যাংকারে হামলা চালানো হয়েছে। গতকাল সোমবার অন্তত ২০টি ট্যাংকারে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ সময় হামলাকারীদের গুলিতে তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন।দেশটির রাজধানী ইসলামাবাদের কাছে একটি পেট্রলপাম্পের বাইরে গতকাল ভোররাতে এ হামলার ঘটনা ঘটেছে। এর আগে গত শুক্রবার সিন্ধু প্রদেশে একই ধরনের হামলা চালানো হয়। দুটি হামলার দায়ই স্বীকার করেছে তালেবান। সংগঠনটি ন্যাটো বাহিনীর ট্যাংকারে ভবিষ্যতে আরও হামলা চালানোর ঘোষণা দিয়েছে।পুলিশের মুখপাত্র নাইম ইকবাল জানান, ইসলামাবাদের কাছে আবাসন প্রকল্পের বাইরে গতকাল ভোররাতে এ হামলার ঘটনা ঘটেছে। বন্দুকধারীরা গুলি চালিয়ে ট্যাংকারগুলো ধ্বংস করে দিয়েছে। অপর পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আহাদ বলেন, হতাহত ব্যক্তিদের সবাই গুলিবিদ্ধ। তাঁদের বেশির ভাগই ট্যাংকারের চালক ও তাঁদের সহকারী।রাওয়ালপিন্ডির বেসামরিক হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘আমরা তিনটি মৃতদেহ উদ্ধার করেছি। আহত অবস্থায় পেয়েছি আটজনকে। তাঁরা সবাই গুলিবিদ্ধ। এঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।ইসলামাবাদের প্রধান পুলিশ কর্মকর্তা ওমর হায়াত জানান, জ্বালানি নেওয়ার জন্য ট্যাংকারগুলো একটি পেট্রলপাম্পে অবস্থান নেয়। এর পরই কিছু লোক গুলি চালায়। পরে তারা ট্যাংকার লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে। এ সময় নিরাপত্তাকর্মীরাও পাল্টা গুলি চালান। দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলিবিনিময় হয়।তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) মুখপাত্র আজম তারিক হামলার কথা স্বীকার করে বলেছেন, ‘ন্যাটো বাহিনীর ট্যাংকারে হামলা চালানোর দায়দায়িত্ব আমরা স্বীকার করছি। সিন্ধু ও ইসলামাবাদ উভয় স্থানেই আমাদের মুজাহিদিনরা হামলা চালিয়েছে।’ তিনি বলেন, ‘ভবিষ্যতে আমরা আরও হামলা চালাব। আফগানিস্তানে নিযুক্ত ন্যাটো বাহিনীকে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করতে দেব না। মার্কিন মানববিহীন বিমানের হামলার প্রতিশোধ হিসেবেও আমরা হামলা চালাচ্ছি।’ রয়টার্সকে অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে তিনি এসব কথা বলেন। গত শুক্রবার সিন্ধু প্রদেশে জঙ্গি হামলায় ২৫টি ট্যাংকার ধ্বংস হয়েছে। এএফপি, সিএনএন, বিবিসি ও রয়টার্স।