পাকিস্তানে বন্যার কবল থেকে থাট্টা শহর বাঁচানোর চেষ্টা
বন্যার পানি বেড়ে যাওয়ায় পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর থাট্টার তিন লাখ মানুষের বেশির ভাগই বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। শহরটি রক্ষায় পাকিস্তানি সেনা ও উদ্ধারকর্মীরা যুদ্ধকালীন সময়ের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন।বন্যায় দেশটির এক কোটি ৭০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিন্ধুর দক্ষিণাঞ্চল। সিন্ধু নদের পানি স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যাওয়ায় প্রদেশটির ২৩টি জেলার মধ্যে ১৯টি জেলাই বন্যাকবলিত হয়েছে।প্রবল বর্ষণের কারণে গত কয়েক দিনে ১০ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। হাজার হাজার লোক থাট্টা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। সেনারা বাঁধ দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গতকাল রোববার স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা হাদি বক্স কালহোরো বলেন, থাট্টা থেকে বন্যার পানি মাইলখানেক দূরে রয়েছে এবং সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের কর্মীরা শহরটি রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছেন।থাট্টার বেশির ভাগ মানুষই নিরাপদ আশ্রয়ে চলে গেছে। সেখানকার সব দোকান ও স্কুল বন্ধ রয়েছে।এদিকে সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জুলফিকার মির্জা জানান, বন্যাকবলিত মানুষ ত্রাণশিবিরে যেতে চায় না। কারণ, তারা মনে করে যে সেখানে পর্যাপ্ত সরবরাহ নেই। তিনি আরও বলেন, ‘করাচিতে আমরা ৪০ হাজার মানুষের জন্য একটি আশ্রয়শিবির খুলেছি। কিন্তু এখনো একজন লোকও (বাস্তুচ্যুত) সেখানে যায়নি।’সাহায্য সংস্থাগুলো শিশুদের অপুষ্টি ও পানিবাহিত রোগের ক্রমবর্ধমান ঝুঁকির ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছে।গতকাল রোববার অক্সফাম সতর্ক করে দিয়ে বলেছে, দীর্ঘকালীন বিপর্যয় থেকে পরিত্রাণ পেতে অবিলম্বে পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে হবে। এএফপি।