পাকিস্তানে বন্যায় ২০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০ লাখেরও বেশি লোক। এদিকে ভারতের ওডিশায় বন্যায় প্রাণ হারিয়েছে ১৮ জন। বাস্তুচ্যুত হয়েছে প্রায় এক লাখ মানুষ।পাকিস্তান গত বছরের ভয়াবহ বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে। এ অবস্থায় আবারও ভয়াবহ বন্যার কবলে পড়ল দেশটি। গত বছরের বন্যায় দুই কোটি ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। মারা যায় এক হাজার ৭৫০ জন। ক্ষয়ক্ষতি হয় এক হাজার কোটি ডলারের। টানা দ্বিতীয় বছরের মতো পাকিস্তানের ‘খাদ্যভান্ডার’ হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের বিস্তৃত এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) জানায়, পাকিস্তানে বন্যায় এরই মধ্যে প্রায় ২০০ জন মারা গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১০ লাখ বাড়ি। আগস্টের শেষের দিক থেকে এ পর্যন্ত প্রায় ৪২ লাখ একর জায়গা পানিতে তলিয়ে গেছে।একজন কর্মকর্তা বলেন, এ বছরের পরিস্থিতি গত বছরের চেয়েও ভয়াবহ। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান জাফর কাদির বলেন, বন্যায় ২০৯ জন প্রাণ হারিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৩ লাখ মানুষ। তিনি জানান, বৃষ্টি ও বন্যায় প্রায় ১৭ লাখ একর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেন, সিন্ধুর সাম্প্রতিক বৃষ্টিপাত স্বাভাবিক মাত্রার চেয়ে প্রায় আড়াই গুণ বেশি। তিনি জানান, ১৭ লাখ একর ফসলের খেতসহ ৪১ লাখ একর এলাকা পানিতে ডুবে গেছে।এদিকে ভারী মৌসুমি বৃষ্টিপাতের কারণে ভারতের ওডিশা রাজ্যে বন্যা দেখা দিয়েছে। বন্যাকবলিত লোকজনের জন্য হেলিকপ্টার থেকে ত্রাণসামগ্রী ফেলা হচ্ছে। ওডিশার দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী সুরিয়া নারায়ণ পাত্রা বলেন, বন্যায় ১৮ জন মারা গেছে। নিখোঁজ হয়েছে ছয়জন। তিনি জানান, বন্যাকবলিত ঘরবাড়ি থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এএফপি, রয়টার্স ও ডন।