পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত কমপক্ষে ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনার প্রতীকী ছবি

পাকিস্তানের পাঞ্জাবে একটি বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। পাঞ্জাবের দেরা ঘাজি খান এলাকার ইন্দুস হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ৪০ জন।

পাকিস্তানের পত্রিকা ডনের খবরে বলা হয়েছে, বাসটি পাঞ্জাবের শিয়ালকোট থেকে রাজপুরে যাচ্ছিল। দেরা ঘাজি খানের কমিশনার ইরশাদ আহমেদ বলেন, নারী, শিশুসহ ৩০ জন প্রাণ হারিয়েছেন এ দুর্ঘটনায়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। যাঁরা আহত হয়েছেন, তাঁদের দেরা ঘাজি খানের ডিএইচকিউ টিচিং হাসপাতালে নেওয়া হচ্ছে।

পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, এই বাসে যাঁরা ছিলেন তাঁদের অধিকাংশই শ্রমিক। তাঁরা ঈদ উদ্‌যাপন করতে বাড়ি ফিরছিলেন।

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার পর কর্তৃপক্ষ বলেছে, তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ। এ ছাড়া দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ওসমান বুজদার।