পাকিস্তানে বাসে বোমা হামলা, নিহত ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোমা হামলায় বিধ্বস্ত বাস ছবি: রয়টার্স
বোমা হামলায় বিধ্বস্ত বাস ছবি: রয়টার্স

উত্তর-পশ্চিম পাকিস্তানের পেশোয়ার শহরের কাছে আজ শুক্রবার একটি বাসে বোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। বাসটি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহন করছিল।

বাসটি অফিস ছুটির পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পেশোয়ার শহর থেকে ১৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত গুলবেলায় ফিরছিল। এতে ৭০ জন যাত্রী ছিলেন বলে পুলিশ জানায়। বিস্ফোরণে কমপক্ষে ৩৪ জন আহত হন। বিবিসির খবরে একথা জানানো হয়।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, বোমাটি বাসের পেছনে পাতা ছিল। আজ বিকেল পর্যন্ত কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি।

পুলিশ বলেছে, বোমাটি বিশেষভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মারার জন্যই পাতা হয়। পেশোয়ারের বোমা বিনষ্টকারী দলের প্রধান বলেন, ওই বোমায় ১০ থেকে ১৫ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের প্রধান শহর পেশোয়ারে সাম্প্রতিক বছরগুলোতে বহুবার বন্দুক এবং বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার জন্য তালেবানদের দায়ী করা হয়। গত রোববারই শহরের একটি ঐতিহ্যবাহী গির্জার পাশে দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৮১ জন নিহত হয়। এটা ছিল পাকিস্তানে খ্রিষ্টানদের ওপর চালানো সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি।

একই এলাকায় ২০১২ সালের জুন মাসে সরকারি কর্মচারীদের বহনকারী একটি বাসে বোমা হামলা চালানো হয়। ওই ঘটনায় ২০ জন নিহত ও ৪০ জন আহত হয়।