প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা কামরান ফয়সালের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন করেছে পাকিস্তান সরকার। ইসলামাবাদের সরকারি বাসভবন থেকে গত শুক্রবার জাতীয় জবাবদিহি ব্যুরোর ((এনএবি) কর্মকর্তা কামরান ফয়সালের (৩৫) ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়। দেশটিতে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসংশ্লিষ্ট দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী আশরাফের বিরুদ্ধে চলা মামলার মূল তদন্ত কর্মকর্তা আসগর খানকে সহায়তা করছিলেন ফয়সাল।পুলিশের ধারণা, তদন্ত কর্মকর্তা ফয়সাল আত্মহত্যা করতে পারেন। কিন্তু তাঁর পরিবারের সদস্যদের সন্দেহের কারণে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে সহকর্মীর রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে এনএবির কর্মকর্তারা গতকাল পাকিস্তানের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন। লাহোরে কর্মকর্তারা কালো ব্যাজ ধারণ করে বিক্ষোভ করেন। কোয়েটা ও পেশোয়ারে কালো ব্যাজ ধারণের পাশাপাশি কর্মকর্তারা কলমবিরতিও পালন করেন। এএফপি ও ডন।