পাকিস্তানে বিদেশি ত্রাণকর্মীদের ওপর হামলার পরিকল্পনা জঙ্গিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বন্যাকবলিত এলাকায় ত্রাণকাজে অংশ নেওয়া বিদেশিদের ওপর হামলার পরিকল্পনা করছে পাকিস্তানি তালেবান। গত বুধবার এক মার্কিন কর্মকর্তা এ কথা বলেছেন। এদিকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে যে গ্রামে সমাহিত করা হয়েছে, সেই গ্রামের সুরক্ষা বাঁধ ঝুঁকির মুখে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, পাকিস্তানে চলমান ত্রাণকাজে অংশ নেওয়া বিদেশিদের ওপর হামলার পরিকল্পনা করছে তেহরিক-ই-তালেবান। তিনি আরও বলেন, তালেবান হয়তো ইসলামাবাদে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মন্ত্রীদের ওপরও হামলার পরিকল্পনা করছে। এর আগে পাকিস্তানি তালেবান বিদেশি ত্রাণ-তত্পরতার বিরোধিতা করেছিল।ভয়াবহ এই বন্যায় প্রায় এক কোটি ৭২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে কমপক্ষে ৮০ লাখ লোকের জীবন রক্ষাকারী মানবিক ত্রাণ-সহায়তার প্রয়োজন। ত্রাণ-তত্পরতায় সহায়তার জন্য যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ ৭০ কোটি ডলারেরও বেশি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।মার্কিন কর্মকর্তারা বলেছেন, বন্যাকবলিত এলাকায় ত্রাণ-সহায়তা পৌঁছাতে তাদের এখনো পর্যন্ত কোনো বৈরী পরিস্থিতির মুখে পড়তে হয়নি।মার্কিন মেরিন কোরের প্রধান জেনারেল জেমস কোনওয়ে বলেন, বন্যা হয়তো পাকিস্তানি তালেবানকে কিছু জায়গা তৈরি করে দিয়েছে। গত মঙ্গলবার তিনি বলেন, বন্যার কারণে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে তালেবানবিরোধী কিছু অভিযান থেকে সরে আসতে বাধ্য হয়েছে পাকিস্তানি সেনাবাহিনী।সম্ভাব্য হামলা সম্পর্কে হুঁশিয়ারি সত্ত্বেও মার্কিন বাহিনীর ত্রাণ-তত্পরতার তদারকির দায়িত্ব পাওয়া একজন শীর্ষস্থানীয় মার্কিন সেনা কর্মকর্তা বলেন, মার্কিন বাহিনী নিরাপত্তাজনিত কোনো ধরনের সমস্যার মুখে পড়েনি।ব্রিগেডিয়ার জেনারেল মাইকেল নাগাতা বলেন, পাকিস্তানে ত্রাণ-তত্পরতা চালানোর সময় তাঁরা নিরাপত্তাজনিত কোনো হুমকি দেখেননি। পানিবাহিত রোগ ছড়িয়ে পড়া ও খাদ্যসংকটের আশঙ্কা করছেন কর্মকর্তারা।এদিকে দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের একজন প্রশাসনিক কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেছেন, সম্ভাব্য বন্যার কারণে তিনটি শহর ঝুঁকির মধ্যে পড়েছে।থাট্টা জেলার জ্যেষ্ঠ কর্মকর্তা হাদি বখশ কালহোরো বলেন, সম্ভাব্য বন্যার আশঙ্কায় সুজাওয়াল, মিরপুর বাথোরো ও দারো শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। ওই তিনটি শহরের বাসিন্দা প্রায় চার লাখ।সিন্ধুর সেচমন্ত্রী বলেছেন, গারহি খুদা বখশ গ্রাম রক্ষা বাঁধের ওপর পানির চাপ বাড়ছে। গ্রামটিতে সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, তাঁর বাবা ও তাঁর দুই ভাইকে সমাহিত করা হয়েছে।প্রাদেশিক মন্ত্রী সাইফুল্লাহ ধারেজো বলেন, ‘আমরা বাঁধ শক্তিশালী করেছি। কারণ, আমরা চাই না, শহীদদের সমাধি বন্যায় ভেসে যাক।’শহরে আস্তানা গাড়ছে আল-কায়েদা: পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত এলাকা থেকে ধীরে ধীরে বন্দরনগর করাচির মতো অধিকতর নিরাপদ শহুরে এলাকায় ঘাঁটি স্থানান্তর করছে আল-কায়েদা। গত বুধবার গণমাধ্যমের একটি খবরে এ কথা বলা হয়।সাবেক একজন পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাকে উদ্ধৃত করে ডেইলি টাইমস পত্রিকা জানায়, ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রায় ঝুঁকিহীনভাবে আফগান সীমান্তবর্তী আদিবাসী এলাকায় কর্মকাণ্ড চালিয়ে গেছে আল-কায়েদা। কিন্তু তারা এখন জায়গা বদলাচ্ছে। ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে তারা গোপনে শহুরে এলাকায় যাচ্ছে।সূত্রকে উদ্ধৃত করে পত্রিকাটি আরও জানায়, আল-কায়েদা জঙ্গিরা মূলত করাচিতে যাচ্ছে। এএফপি, বিবিসি ও পিটিআই।