পাকিস্তানের ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ২৮ বছরের পুরোনো বিমানটি দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতি নিয়েই অভ্যন্তরীণ রুটে চলছিল বলে জানা গেছে। বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে।বেসরকারি বিমান সংস্থা ভোজা এয়ারের বোয়িং ৭৩৭ বিমানটি করাচি থেকে ইসলামাবাদ যাওয়ার পথে গত শুক্রবার রাওয়ালপিন্ডির চাকলালা বিমানঘাঁটির কাছে বিধ্বস্ত হয়। এতে ১২৭ জন আরোহীর সবাই নিহত হন।পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। প্রতিকূল আবহাওয়া, নাকি অন্য কোনো কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা বের করা হবে। তিনি জানান, বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে। বিমানটির শেষ সময়ের পরিস্থিতির তথ্য উদ্ধারে এটি বিদেশে পাঠানো হবে।পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএ) একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিধ্বস্ত হওয়া বিমানটি ২৮ বছরের পুরোনো। ভোজা এয়ার দক্ষিণ আফ্রিকার একটি কোম্পানির কাছ থেকে পুরোনো বিমানটি কিনে নিয়ে চালাচ্ছিল।পুরোনো বিমান কেনার কথা স্বীকার করেছেন ভোজা এয়ারের কর্মকর্তা মাসাম জাফর। তিনি বলেন, বিমানটি পুরোনো হলেও কোনো ত্রুটি ছিল না। রাষ্ট্রীয় মালিকানার বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসও (পিআইএ) পুরোনো বিমান কিনে চালায়। জাফর বলেন, পাকিস্তানের বিমান সংস্থাগুলোর একেবারে নতুন বিমান কিনে চালানোর ঘটনা তেমন নেই। এই কর্মকর্তা দাবি করেন, বিধ্বস্ত হওয়া বিমানটি পুরোনো হলেও চালানোর মতো নিরাপদ ছিল। কারিগরি কোনো কারণে নয়, বিমানটি বিধ্বস্ত হয়েছে প্রতিকূল আবহাওয়ার কারণে।পাকিস্তানে ভোজা এয়ার নব্বইয়ের দশকে অভ্যন্তরীণ রুটে বিমান চালানো শুরু করে। পরে আন্তর্জাতিক রুটেও বিমান চালায়। এএফপি ও বিবিসি।