পাকিস্তানে বিমান বিধ্বস্ত, নিহত ২১
পাকিস্তানের বন্দরনগর করাচিতে একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার করাচির কাছে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র পারভেজ জর্জ জানান, একটি ইঞ্জিনে ত্রুটি ছিল। এ কারণে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে কমপক্ষে ১৭ জন যাত্রী, একজন নিরাপত্তাকর্মী, একজন প্রকৌশলী, পাইলট ও কো-পাইলট ছিলেন। নিহত যাত্রীরা সবাই একটি ইতালীয় তেল কোম্পানির কর্মকর্তা ছিলেন।উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা লেফটেন্যান্ট কর্নেল নূর আলম সাংবাদিকদের বলেন, বিমানের কোনো আরোহী জীবিত নেই। তেল কোম্পানির মুখপাত্র জানান, বিমানটি কোম্পানির কর্মকর্তাদের নিয়ে সিন্ধু প্রদেশের ভিতশাহ তেলক্ষেত্রে যাচ্ছিল।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক মুক্তার বাট বলেন, বিমানের ধ্বংসাবশেষ থেকে ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পাইলট ও কো-পাইলটের মৃতদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এজন্য বিমানের ধ্বংস হয়ে যাওয়া সামনের অংশ কাটতে হবে। এএফপি।