পাকিস্তানে বিমান হামলায় ৫০ জঙ্গি নিহত
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের উপজাতীয় এলাকায় সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৫০ জন সন্দেহভাজন বিদেশি জঙ্গি নিহত হয়েছে৷ আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) সূত্র এই হামলার খবর নিশ্চিত করেছে৷ খবর ডনের৷
সূত্র জানায়, উত্তর ওয়াজিরিস্তানের বয়া তেহসিল, দেগান বন ও দাত্তা খেল তেহসিলে গতকাল চালানো হামলায় জঙ্গিদের অন্তত আটটি আস্তানা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে৷ এতে করাচি বিমানবন্দরে হামলার প্রধান সন্দেহভাজন পরিকল্পনাকারী নিহত হন এবং বিপুল পরিমাণ গোলাবারুদ ধ্বংস হয়৷
উপজাতীয় এলাকায় উজবেক জঙ্গিদের আস্তানাগুলো হামলার লক্ষ্য ছিল৷ অভিযানে নিহতদের অধিকাংশই উজবেক জঙ্গি৷ কোনো কোনো গণমাধ্যমের খবরে বলা হয়, নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাবে৷ তবে এর সত্যতা পাওয়া যায়নি৷
এর আগে গত বুধবার রাতে ওই অঞ্চলে দুটি মার্কিন ড্রোনের হামলায় ১৬ জন নিহত হয়৷ চলতি বছর এ ধরনের অভিযানের ঘটনা এটাই প্রথম৷
৮ জুন রাতে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় অস্ত্রধারী জঙ্গিরা৷ এরপর প্রায় ছয় ঘণ্টা ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়৷ এতে হামলাকারী ১০ জঙ্গিসহ অন্তত ৩৫ জন নিহত হন৷ পাকিস্তান তালেবান ওই হামলার দায় স্বীকার করেছিল৷