পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় নিহত ৩৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে প্রবল বর্ষণের কারণে বন্যার সৃষ্টি হয়েছে। ছবি : ডনের সৌজন্যে।
পাকিস্তানে প্রবল বর্ষণের কারণে বন্যার সৃষ্টি হয়েছে। ছবি : ডনের সৌজন্যে।

পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচিসহ উত্তর-পশ্চিমাঞ্চলে গতকাল শনিবার প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৩৮ জন মারা গেছে। আহত হয়েছে অর্ধশতাধিক। আজ রোববার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।
খবরে বলা হয়, নিহত ৩৮ জনের মধ্যে করাচিতে মারা গেছে ১০ জন। তাদের মধ্যে তিনজন শিশু রয়েছে। করাচিতে উদ্ধারকাজে অংশ নিতে সেনাসদস্যদের খবর দেওয়া হয়েছে।
খাইবার পাখতুনখাওয়া, গিলজিত বালতিস্তান, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলোতে ১৩ জন মারা গেছে। পাঞ্জাবে ছয়জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
আদিবাসী অধ্যুষিত কুররাম এলাকায় দেয়ালচাপায় একই পরিবারের চারজন প্রাণ হারিয়েছে। এ ছাড়া পেশোয়ার ও চিত্রাল এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে।
দেশটির আবহাওয়া দপ্তর জানায়, করাচিতে গতকাল ১১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজও সারা দিন বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। বৃষ্টিতে শহরের অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে গেছে। বৃষ্টি শুরুর পর থেকেই করাচিতে বিদ্যুত্-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় করাচিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বৃষ্টি ও বন্যার কারণে দেশটির উত্তরাঞ্চলে ঘরবাড়ি ও সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় অনেক এলাকার অধিবাসীরা অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে।