পাকিস্তানে বোমা ও ড্রোন হামলায় নিহত ৩৯
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশ ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত এলাকায় গতকাল বৃহস্পতিবার পৃথক বোমা বিস্ফোরণ এবং উপজাতি-অধ্যুষিত ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন (মানববিহীন বিমান) হামলার ঘটনায় অন্তত ৩৯ জন নিহত হয়েছে। কর্মকর্তারা এই তথ্য জানান।কর্মকর্তারা জানান, বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় গতকাল বোমা হামলায় ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে। হামলায় দেশটির প্যারামিলিটারি ফ্রন্টিয়ার করপসের (এফসি) একটি গাড়ি পুরোপুরি ধ্বংস হয়। এ ছাড়া আরও অন্তত সাতটি গাড়ি বিধ্বস্ত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে ১০ জনই এফসির সদস্য।গতকাল সোয়াতের মিংগোরা শহরের উপকণ্ঠে একটি ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে এক বিস্ফোরণের ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা গুল আফজাল এটিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে দাবি করেন। মিংগোরার অপর পুলিশ কর্মকর্তা আখতার হায়াত জানান, তাবলিগ জামায়াতের একটি সাপ্তাহিক সমাবেশে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।এদিকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতীয় এলাকা ওয়াজিরিস্তানে গতকাল মার্কিন ড্রোন হামলায় কমপক্ষে ছয় জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিদের একটি কম্পাউন্ড লক্ষ্য করে এই হামলা চালানো হয়। গত এক সপ্তাহে এটি পঞ্চম ড্রোন হামলার ঘটনা, যা গত বছরের আগস্ট মাসের পর সবচেয়ে বেশি। এএফপি ও ডন ডটকম।