পাকিস্তানে বোমা তৈরির ১০০ টন উপাদান উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় বোমা তৈরির ১০০ টন রাসায়নিক পদার্থ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। এতে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর মুখপাত্র কর্নেল মকবুল শাহ বলেন, আটক উপকরণগুলোর মধ্যে রয়েছে বোমা তৈরিতে ব্যবহূত রাসায়নিক পদার্থ, তার ও বিস্ফোরণ ঘটানোর ডেটোনেটর। চলতি বছর শুরুর দিকে কোয়েটায় শিয়াদের ওপর চালানো দুটি হামলায় একই ধরনের রাসায়নিক বস্তুতে তৈরি বোমা ব্যবহার করা হয়। এতে ১২০ জনের বেশি মানুষ মারা গিয়েছিল। জঙ্গি সুন্নি সংগঠন লস্কর-ই-জাংভি ওই হামলার কথা স্বীকার করে।
কর্নেল শাহ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, নিরাপত্তা বাহিনী প্রথমে একটি ট্রাকে বহন করা ১৫ টন পটাশিয়াম ক্লোরেটসহ দুই ব্যক্তিকে আটক করে। তারা কোয়েটায় অবস্থিত গুদামটির তথ্য দেয়। তারা জানায়, বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে সেখানে বোমা তৈরি করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে মিশিয়ে রাখা আট ড্রাম রাসায়নিক বস্তু পায়। ডেটোনেটর যুক্ত করলেই এগুলো বোমায় পরিণত হতো।
গোলযোগপূর্ণ বেলুচিস্তান প্রদেশে সুন্নি ও শিয়াদের মধ্যে প্রবল বিরোধ আছে। এ ছাড়া পৃথক রাষ্ট্রের দাবিতে সশস্ত্র আন্দোলন করছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। আর অন্যান্য জঙ্গি গ্রুপের মধ্যে তালেবানও সক্রিয়। ডন।