পাকিস্তানে বোমা হামলা নিহত ৪৭, আহত ২০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে শক্তিশালী বোমার বিস্ফোরণে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছে দুই শতাধিক লোক। গতকাল শনিবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার হাজারা এলাকায় এই বোমা হামলার ঘটনা ঘটে।কোয়েটার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ওয়াজির খান নাসির জানান, সেখানে বিস্ফোফরণ ঘটানো বোমাটি ছিল দূরনিয়ন্ত্রিত। এতে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে দুই শতাধিক লোক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি আরও জানান, এটা ছিল সাম্প্রদায়িক হামলা। আর হামলার লক্ষ্য ছিল সেখানকার শিয়া সম্প্রদায়ের মুসলমানেরা। কোয়েটার দ্বিতীয় পুলিশ কর্মকর্তা আজাহার আলি শাহও নিহত ব্যক্তিদের সংখ্যা ৪৭ বলে নিশ্চিত করেন। যদিও প্রথমে বলা হচ্ছিল, ওই বোমা হামলার ঘটনায় মৃতের সংখ্যা ১০। বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্র সচিব আকবর হুসেইন দুররানি বলেন, ওই বোমা হামলার ঘটনায় যারা নিহত হয়েছে তাদের মধ্যে রয়েছে বেশ কয়েজন নারী ও শিশু। তিনি আরও বলেন, ‘হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি। আমরা সেখানকার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করেছি।’দুররানি জানান, কোয়েটার একটি বাজারের একটি ভবনের কাছে বোমাটি স্থাপন করা হয়েছিল। বোমাটি এতটাই শক্তিশালী ছিল যে সেটি বিস্ফোরণের পরই ভবনটি ধসে পড়ে। এ কারণে ভবনটির ভেতরে অনেকেই আটকা পড়ে আছে বলে তাঁরা আশঙ্কা করছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কর্মকর্তারা জানান, ওই বোমা হামলার পরে ঘটনাস্থল ঘিরে রাখে স্থানীয় উত্তেজিত জনতা। সেখানে পুলিশ, উদ্ধারকর্মী ও সাংবাদিকদেরও যেতে দিচ্ছিল না তারা।স্বরাষ্ট্র সচিব দুররানি জানান, তারা (জনতা) খুবই উত্তেজিত ছিল। একপর্যায়ে তারা বিক্ষোভ শুরু করে। কেউ কেউ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া শুরু করে। বিক্ষোভকারীদের মধ্যে অনেকের হাতেই অস্ত্র ছিল। বিক্ষোভের সময় তারা ফাঁকা গুলি ছোড়া শুরু করে। তবে শেষ পর্যন্ত বিক্ষোভকারীরা পুলিশ, উদ্ধারকর্মী ও সাংবাদিকদের ঘটনাস্থলে যেতে দেয় বলেও জানান তিনি। ঘটনাস্থলে থাকা বার্তা সংস্থা এএফপির একজন ফটো সাংবাদিক জানিয়েছেন, তিনি শুধু হাসপাতালেই ৩০টি মরদেহ দেখেছেন। বেলুচিস্তান পাকিস্তানের ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী একটি প্রদেশ। ওই এলাকায় সাম্প্রতিক সময়গুলোতে বেশ কিছু সহিংস ঘটনা ঘটেছে। এমনিতেই এলাকাটি জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত। এ ছাড়া সেখানে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মুসলমানদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে।গতকালের এই বোমা হামলার ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ দায়িত্ব স্বীকার করেনি। তবে গত মাসে কোয়েটায় ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে। সে সময় এক আত্মঘাতী হামলায় কমপক্ষে ৯২ জন নিহত হয়। এ ছাড়া আহত হয় ১২১ জন। নিষিদ্ধঘোষিত সুন্নি গ্রুপ লস্কর-ই-জাংভি ওই হামলার দায়িত্ব স্বীকার করেছিল। এএফপি ও বিবিসি।