পাকিস্তানে বোমা হামলায় তিন মার্কিন সেনাসহ নিহত ১০
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বালিকা বিদ্যালয়ে গতকাল বুধবার এক বোমা হামলায় তিন মার্কিন সেনাসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৬৫ জন। জঙ্গি হামলায় বিধ্বস্ত বিদ্যালয়টি সদ্য পুনর্নির্মাণ করা হয়।পুনর্নির্মিত বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া পাকিস্তানি সেনা সদস্য, সাংবাদিক ও কর্মকর্তাদের গাড়িবহরের সঙ্গে ছিলেন নিহত মার্কিন সেনারা। তাঁরা পাকিস্তানি আধাসামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্বে নিয়োজিত ছিলেন।লোয়ার দির জেলার কোটো গ্রামে চালানো ওই হামলায় আহতদের বেশির ভাগই স্কুলের শিক্ষার্থী। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন সাংবাদিকও রয়েছেন। পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস বলেন, প্রশিক্ষক হিসেবে ফ্রন্টিয়ার কোরের (এফসি) সঙ্গে সংযুক্ত তিন মার্কিন সেনা বিস্ফোরণে নিহত হয়েছেন।মার্কিন সেনার মৃত্যুর খবর তাত্ক্ষণিকভাবে নিশ্চিত করেনি পাকিস্তানে মার্কিন দূতাবাস। দূতাবাসের মুখপাত্র রিক স্নেলশায়ার বলেন, ‘আমাদের সব লোকজনের অবস্থান সম্পর্কে আমরা খোঁজখবর নিচ্ছি।’জেলা পুলিশপ্রধান মুমতাজ জারিন বলেন, হামলায় আটজন নিহত হয়েছে। প্রাথমিক খবরে বলা হয়, হামলায় চার বিদেশি সাহায্যকর্মী প্রাণ হারিয়েছেন।বিস্ফোরণে একজন এফসি সদস্যের নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে সেনাবাহিনী। হাসপাতাল কর্মকর্তারা জানান, নিহত ব্যক্তিদের মধ্যে চারজন স্কুল শিক্ষার্থী। এএফপি।