পাকিস্তানে বোমায় চার স্কুল উড়িয়ে দিল তালেবান
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতীয় এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্দেহভাজন তালেবান জঙ্গিরা চারটি স্কুলে বোমা হামলা চালিয়েছে। কর্মকর্তারা এ কথা জানান।কর্মকর্তারা জানান, উপজাতীয় এলাকা মোহমান্দে গতকাল গভীর রাতের ওই হামলায় কেউ হতাহত হয়নি। এ নিয়ে তালেবান জঙ্গিদের হামলায় এই এলাকার শতাধিক স্কুল ধ্বংস হলো।মোহমান্দের এক গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে বলেন, স্থানীয় সময় দিবাগত রাত আড়াইটায় তেহিরক-ই-তালেবান মোহমান্দের জঙ্গিরা চারটি স্কুল ভবন বোমা মেরে উড়িয়ে দিয়েছে।সরকারি কর্মকর্তা লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুলগুলো উড়িয়ে দিতে জঙ্গিরা দেশে তৈরি বিস্ফোরক ব্যবহার করে। তিনি আরও বলেন, এই হামলায় চারটি স্কুলই সম্পূর্ণ ধবংস হয়েছে।সাম্প্রতিক বছরগুলোয় সহশিক্ষার বিরোধী ইসলামি জঙ্গিরা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে কয়েক শ স্কুল ধবংস করেছে। এগুলোর অধিকাংশই মেয়েদের স্কুল।পাকিস্তানের সোয়াত উপত্যকায় গত ৯ অক্টোবর নারীশিক্ষার প্রচারক মালালা ইউসুফজাইকে এক তালেবান জঙ্গি গুলি করলে সে গুরুতর আহত হয়। এএফপি।