পাকিস্তানে বোমায় নিহতের সংখ্যা বেড়ে ৮৪
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার হাজারা এলাকায় শিয়া মুসলমানদের ওপর বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে। হামলার দায়িত্ব স্বীকার করেছে সুন্নি জঙ্গি গ্রুপ লস্কর-ই-জাংভি। হামলা মোকাবিলায় গোয়েন্দা বাহিনী ও পুলিশের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রদেশের গভর্নর নবাব জুলফিকার মাগসি।এদিকে, হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল রোববার সেখানে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি টেলিফোনে গভর্নর মাগসির সঙ্গে কথা বলেছেন। তিনি কোয়েটার শিয়া গ্রুপগুলোর সদস্যদের রক্ষায় শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।গত জানুয়ারিতে হাজারা এলাকায় আরেকটি বোমা হামলায় ৯২ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী নবাব আসলাম রাইসানির সরকারকে বরখাস্ত করে মাগসিকে প্রদেশের প্রধান নির্বাহী করা হয়। সেখানকার সীমান্ত এলাকায় দায়িত্ব পালনরত সেনাদের আইনশৃঙ্খলা রক্ষার ক্ষমতা দেওয়া হয়। এ ছাড়া মাগসিকে প্রয়োজনে অতিরিক্ত সশস্ত্র সেনা মোতায়েন করার ক্ষমতা দেওয়া হয়।শনিবারের ঘটনার পর মাগসি জানিয়েছেন, তিনি চরমপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরাপত্তা বাহিনীগুলোকে ‘অবাধ ক্ষমতা’ দিয়েছিলেন। তবে তা স্পষ্টতই ব্যর্থ হয়েছে। তিনি বলেন, এ ধরনের হামলা ঘটার আগেই ব্যবস্থা নেওয়া তাদের (নিরাপত্তা বাহিনী) দায়িত্ব। এ কারণেই তাদের বেতন দেওয়া হয়। গোয়েন্দারা হয় ‘সন্ত্রাস সংগঠনকারীদের পিছু নিতে ভয় পেয়েছে, না-হয় যাদের নিয়ে তারা কারবার করছে তারা কারা সে সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য ছিল না’। তিনি নিহত ব্যক্তিদের পরিবার-প্রতি এক লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।বোমা হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে স্থানীয় হাজারা ডেমোক্রেটিক পার্টি গতকাল সাধারণ ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের কারণে কোয়েটার বেশির ভাগ এলাকা অচল হয়ে পড়ে। দলটির চেয়ারম্যান আজিজুল্লাহ হাজারা হামলাকারীদের খুঁজে বের করতে প্রাদেশিক সরকারকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তিনি।কোয়েটার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ওয়াজির খান নাসির জানান, শনিবারের হামলায় এ পর্যন্ত ৮৪ জনের মৃত্যু হয়েছে বলে তাঁরা নিশ্চিত হয়েছেন। এ ছাড়া ১৭৮ জন আহত হয়েছে, যাদের মধ্যে ২০ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক।শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে হাজারার একটি জনবহুল বাজারে ওই বোমা হামলা চালানো হয়। সেখানে রয়েছে বেশ কিছু মুদি ও সবজির দোকান, একটি স্কুল ও একটি কম্পিউটার কেন্দ্র। হামলায় হতাহতের বেশির ভাগই ছিল কেনাকাটা করতে যাওয়া নারী এবং স্কুল থেকে বের হওয়া শিশু। সুন্নি জঙ্গি গ্রুপ লস্কর-ই-জাংভি এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। জানুয়ারির হামলার ঘটনায়ও তারা দায়িত্ব স্বীকার করেছিল। বিবিসি।