পাকিস্তানের সহিংসতাকবলিত বাণিজ্যিক রাজধানী করাচিতে শুক্রবার রাতে জোড়া বোমা হামলায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এতে অন্তত ২৮ জন আহত হয়েছে। জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গতকাল শনিবার এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
করাচির শিয়া সংখ্যাগরিষ্ঠ জনবহুল এলাকা আঞ্চোলিতে শুক্রবার রাতে কয়েক মিনিটের ব্যবধানে বোমা হামলা দুটি ঘটে।
টিটিপি বলেছে, রাওয়ালপিন্ডিতে গত আশুরার দিনের সহিংসতার প্রতিশোধ হিসেবে শিয়াদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
এদিকে পাকিস্তানে পোলিও টিকা খাওয়ানোর সময় ১১ জন শিক্ষককে তুলে নিয়ে গেছে জঙ্গিরা। গতকাল শনিবার আফগানিস্তানের সীমান্তবর্তী উপজাতি-অধ্যুষিত খাইবার এলাকার একটি বেসরকারি স্কুল থেকে তাঁদের অপহরণ করা হয়। কর্মকর্তারা এ কথা জানান।
স্থানীয় কর্মকর্তা খিয়ালি গুল জানান, পোলিও নির্মূল কর্মীরা বিদ্যালয়টিতে কার্যক্রম শুরু করার পরপরই বন্দুকধারীরা এসে শিক্ষকদের নিয়ে যায়। তিনি বলেন, তালেবানসংশ্লিষ্ট মঙ্গল বাগের নেতৃত্বাধীন লস্কর-ই-ইসলাম জঙ্গিগোষ্ঠী নিয়ন্ত্রিত একটি এলাকায় ওই শিক্ষকদের নেওয়া হয়েছে। মঙ্গল বাগ ও তাঁর অনুসারীরা শিশুদের পোলিও টিকা খাওয়ানোর বিরোধিতা করে আসছেন। ডন, রয়টার্স।