পাকিস্তানে ব্লাসফেমি আইনে খ্রিষ্টান নাগরিকের মৃত্যুদণ্ড
পাকিস্তানে ব্লাসফেমি (ধর্ম অবমাননা) আইনে শাওয়ান মসিহ নামের একজন খ্রিষ্টান নাগরিককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। কারাগারেই শুনানি শেষে গত বৃহস্পতিবার আদালত এ দণ্ডাদেশ দেন।
শাওয়ানের (২৬) আইনজীবী নাইম শাকির জানান, তাঁর মক্কেল কারাগারে আছেন। তাঁকে আদালতে নেওয়ার সময় নিরাপত্তাঝুঁকিতে পড়তে পারেন আশঙ্কায় কারাগারেই তাঁর বিরুদ্ধে অভিযোগের শুনানি হয়। সেখানেই বিচারক মৃত্যুদণ্ডাদেশ দেন। তবে তিনি এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
আপিল করার জন্য ৩০ দিন সময় পাচ্ছেন শাওয়ান। ৯৭ শতাংশ মুসলিম জনগোষ্ঠীর দেশ পাকিস্তানে ধর্ম অবমাননার আইন কঠোরভাবে প্রয়োগ করা হয়। তবে এ আইনে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলেও উচ্চ আদালতে আপিলের পর সাক্ষ্য-প্রমাণের অভাবে অনেক রায় বাতিল হয়ে যায়।
শাওয়ানের বিরুদ্ধে গত বছরের মার্চে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। এ অভিযোগকে কেন্দ্র করে লাহোরে তাঁর বাড়িসহ খ্রিষ্টান জোসেফ কলোনির বেশ কিছু বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন শাওয়ান। তাঁর দাবি, এক বন্ধুর সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের কারণে তাঁর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়েছে। বিবিসি ও টাইম।