পাকিস্তানে ভূমিকম্প, নিহত ৪৬
দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তানে গতকাল মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৪৬ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। বেলুচিস্তানের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা আসাদ গিলানি বলেন, ভূমিকম্পে আওয়ারান এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকায় অন্তত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে শতাধিক।
আওয়ারানের উপকমিশনার আবদুল রশিদ বালুচ বলেন, আওয়ারান বাজার এলাকা থেকে বহু মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চারটি মৃতদেহ দুর্গম অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে। ফলে আশঙ্কা করা হচ্ছে, দুর্গম অঞ্চলে ধসে পড়া বাড়ির নিচে অনেকে আটকা পড়েছে। আওয়ারান ছাড়াও খুজদার এলাকার কিছু ভবন ধসে পড়েছে।
রশিদ বলেন, উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সময় আড়াইটার দিকে ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল বেলুচিস্তান প্রদেশের দালবানদিন এলাকার প্রায় ১৪৫ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ২৩ কিলোমিটার গভীরে।
আয়তনের দিক থেকে বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ। তবে লোকবসতি সবচেয়ে কম। ভূকম্পনের সময় করাচি ও হায়দরাবাদে লোকজন ঘরবাড়ি থেকে রাস্তায় নেমে আসে। পাকিস্তানের প্রধান ভূতাত্ত্বিক মোহাম্মদ রিয়াজ বলেন, ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল। এতে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে।
গত এপ্রিলে বেলুচিস্তানে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে অন্তত ৩৫ জন প্রাণ হারিয়েছিল। বিবিসি।