
পাকিস্তানে তালেবানের হামলা আগে বাজার, মসজিদ বা সর্বোচ্চ সামরিক এবং পুলিশ বাহিনীর কার্যালয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল৷ কিন্তু সেই গণ্ডি ছাড়িয়ে তালেবান এমন জায়গায় গিয়ে হামলা চালাল, যেখানে তাদের প্রবেশ করা অত্যন্ত কঠিন বলেই মনে করা হতো৷ এমন প্রেক্ষাপটে তালেবানের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া ঠিক হবে কি না, সেই প্রশ্ন উঠেছে৷
গতকাল পাকিস্তানের ডন পত্রিকার এক নিবন্ধে বলা হয়, করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে গত রোববার রাতের ঘটনা পুরো দেশকে হতবাক করে দিয়েছে৷ আন্তর্জাতিক সম্প্রদায়ও কম অবাক হয়নি৷ তবে সবার আগে নিজ দেশের প্রতিক্রিয়াকেই গুরুত্ব দিতে হবে৷ কিন্তু কীভাবে?
ঘটনার ভেতরেই রয়েছে এই প্রশ্নের উত্তর৷ যেভাবে ছদ্মবেশ ধরে, ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নিখুঁত পরিকল্পনার মাধ্যমে জঙ্গিরা ওই বিমানবন্দরে ঢুকেছে, তাতে মনে হয়েছে, গত মার্চে নতুন করে সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনার প্রক্রিয়া শুরুর অনেক আগেই এই হামলার পরিকল্পনা অঁাটা হয়৷ হামলা চালানোর পর এর দায়িত্ব স্বীকার করতে মোটেও দেরি করেনি তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)৷
টিটিপির ভাষ্যমতে, মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলা চালিয়ে তালেবানপ্রধান হাকিমুল্লাহ মেহসুদকে হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে৷ পাশাপাশি তারা এও বলেছে, এটাই শেষ হামলা নয়, এটা কেবল শুরু৷ শতশত নিষ্পাপ নারী ও শিশুকে হত্যার প্রতিশোধ নেওয়া এখনো বাকি রয়ে গেছে৷ তালেবানের ঘোষণার পর শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে৷
হামলার ঘটনার পর দেশের রাজনীতিকেরা নিন্দাসূচক বাণী দিতে শুরু করেছেন৷ এরপর রয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর সোচ্চার কর্মীরা৷ শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার উদ্যোগের সমর্থকদের অনেকেই এখন পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) সরকারের পাশাপাশি বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমালোচনায় সরব৷ শান্তি আলোচনা শুরুর জন্য এই দলগুলোর সবারই দায় আছে৷
শান্তি আলোচনার জন্য সরকারের নিযুক্ত কমিটিতে পিটিআইয়ের সদস্য রুস্তম শাহ মোহমান্দ এরই মধ্যে বলেছেন, এখন থেকে টিটিপির শত্রুতা বন্ধের জন্য কোনো আলোচনা করতে হলে, তা সরকারের শর্তে হতে হবে৷ তবে করাচি বিমানবন্দরের নারকীয় ঘটনার পর কয়জন আছেন, যাঁরা শান্তি আলোচনার পক্ষে কথা বলবেন?
ডন-এর ভাষ্যমতে, এর পরও সরকারের কোনো আলোচনায় বসার পরিকল্পনা থাকলে, এখনই তা বাদ দিতে হবে৷ সরকারকে সরাসরি অ্যাকশনে যেতে হবে৷ কেননা, আজ সন্ত্রাসীরা করাচি বিমানবন্দরে হামলা চালিয়েছে, কাল তারা সরকারের কোনো আঙিনায় ঢুকে পড়ে হামলা চালাতে পারে৷ সেই দাগ স্পর্শ করা পর্যন্ত অপেক্ষা করা ঠিক হবে না৷ সরকারের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে যারা স্পষ্টভাবেই উপহাস করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার এটাই সময়৷ ডন৷